অভিনেতা আরিফিন শুভর ক্যারিয়ারের উল্লেখযোগ্য একটি কাজ ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগ-তিতিক্ষা পর্দায় তুলে ধরার প্রয়াসে নির্মিত ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
ইতিহাসের এ মহানায়কের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আপ্লুত শুভ। পারিশ্রমিক হিসেবে নিয়েছেন মাত্র এক টাকা। তবে বিড়ম্বনাও সহ্য করতে হয়েছে বেশ। বিশেষ করে সমালোচকদের সমালোচনার বাণে হতে হয়েছে জর্জরিত। বিষয়টি নিয়ে এতদিন মুখ না খুললেও এবার জবাব দিলেন।
আজ শুক্রবার ভারতে মুক্তি পেয়েছে ‘মুজিব’। প্রচারণার জন্য আগে আগেই দেশটিতে গেছেন শুভ। ফলে সেখানকার গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হতে হচ্ছে। তাদের সঙ্গে আলাপনের এক পর্যায়েই সমালোচকদের নিয়ে কথা বলেছেন এ তারকা।
ভারতীয় সংবাদমাধ্যমকে শুভ বলেন, ‘প্রত্যেকে বলেছিলেন ভুল কাস্টিং হয়েছে! সমাজমাধ্যমে যে যা লিখেছিলেন, সবটা আমি দেখেছি। এখন তারাই প্রশংসা করছেন।’
পর্দার মুজিব আরও বলেন, ‘শ্যাম বেনেগাল এই উপমহাদেশের এক জন কিংবদন্তি পরিচালক। তার সিদ্ধান্তকে সহজে ফেলে দেওয়া যায় না।’
কয়েকদিন আগে নাকের অস্ত্রোপচার হয়েছে শুভর। অসুস্থতার ধকল এখনও কাটেনি। সেসব আমলে না নিয়েই ‘মুজিব’-এর প্রচারণায় মুম্বাই-কলকাতা করছেন এ নায়ক। তিনি বলেন, ‘এখনও আমি খুব একটা ভালো নেই। নাকের মধ্যে হাড় এবং মাংস কাটা হয়েছে। কিন্তু জানি থেমে থাকলে তো চলবে না।’
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বিশাল বাজেটে নির্মিত হয়েছে ছবিটি। আরিফিন শুভ ছাড়াও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, জায়েদ খান, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদসহ দেশের শতাধিক শিল্পী।




