গত বছর ৯৪তম অস্কারের আসরে অন্যরা পুরস্কার জিতে নজরে এলেও উইল স্মিথ নজরে এসেছিলেন উপস্থাপক কমেডিয়ান ক্রিস রকের গালে কষে চড় মেরে। সেসময় শোনা গিয়েছিল অ্যাওয়ার্ডের মঞ্চে স্ত্রীকে নিয়ে ঠাট্টার প্রতিবাদে এ কাণ্ড ঘটিয়েছিলেন তিনি। অসুস্থ স্ত্রী জাডা স্মিথের পাশে এভাবে দাঁড়ানোয় রীতিমতো নায়ক হয়ে উঠেছিলেন নেটিজেনদের কাছে।
এ ঘটনার দেড় বছরের মাথায় জানা গেল চড়কাণ্ডের কয়েক বছর আগে (২০১৬ সাল) থেকেই আলাদা থাকছেন উইল স্মিথ ও জাডা। এতদিন বিষয়টি নিয়ে কোনো কথা না বললেও সম্প্রতি সরব হয়েছেন জাডা।
‘পিপল ম্যাগাজিন’কে দেওয়া এক সাক্ষাৎকারে জাডা জানিয়েছেন, উইল স্মিথের সঙ্গে তার বৈবাহিক জীবন সুখের ছিল না। দাম্পত্য কলহের মধ্যেই কাটছিল দিন। তাই তারা ২০১৬ সাল থেকে আলাদা থাকছেন। যদিও তাদের আইনি বিচ্ছেদ এখনো হয়নি।
চড়কাণ্ড নিয়েও কথা বলেছেন এ হলিউড তারকা। বিষয়টি শুরুতে তার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না উল্লেখ করে বলেন, ‘প্রথমে ঘটনাটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। মনে হয়েছিল এটা হয়তো অতিরঞ্জিত। পরে যখন উইল নিজের চেয়ারের দিকে হাঁটতে শুরু করেন, তখন বুঝতে পারি ঘটনাটা অতিরঞ্জিত নয়।’
সেবার অস্কারের আসরে অনুষ্ঠান জমিয়ে রাখতে অতিথিদের নিয়ে ঠাট্টা করছিলেন ক্রিস রক। একে একে সকলের কথা বলতে বলতে উইল স্মিথের স্ত্রী জাডা স্মিথের প্রসঙ্গে তোলেন তিনি। এ সময় তিনি বলেন, “পরবর্তী ‘জি আই জেন’ ছবিতে অভিনয় করবেন জাডা।”
এই রসিকতায় তীব্র রেগে যান উইল স্মিথ। মঞ্চে উঠে তিনি চড় মারেন ক্রিস রককে। যদিও অনেকে প্রথমে ভেবেছিলেন, সাজানো ঘটনা। কিন্তু পরে দেখা যায়, এই ঘটনায় উইল সত্যিই রেগে গিয়েছেন। এবং তিনি গালিগালাজ করে জানান, তার স্ত্রীকে এসব থেকে দূরে রাখতে চান।




