বলিউডের অন্যতম জনপ্রিয় দুই নায়িকা দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাট। তাদের মাঝে বন্ধুত্বও নাকি বেশ গভীর। তবে বলিপাড়ায় চলছে অন্য গুঞ্জন। দীপিকার প্রাক্তন রণবীর কাপুরকে নিজের আঁচলে বাঁধতে চলেছেন আলিয়া। অথচ সর্বস্ব উজাড় করে ভালোবেসেও দীপিকা তা পারেননি।
রণবীর-দীপিকার প্রেমের সম্পর্কের কথা কে না জানে? তারা নিজেরাও কখনও রাখঢাক রাখেননি সম্পর্ক নিয়ে। একসাথে ঘুরেছেন, জনসম্মুখে ঠোঁটে ঠোঁট রেখে চুমুও খেয়েছেন। এসব দেখে তো সবাই ধরে নিয়েছিলেন দীপিকার সাথেই গাঁটছড়া বাঁধতে চলেছেন রণবীর।
কিন্তু শেষমেশ আর বাঁধা হয়নি। দুজনের পথ দুদিকে চলে গেছে। এরপর রণবীরকে বাহুবন্দি করেছেন বলিউডের অনেক নায়িকাই। কিন্তু তারা কেউ রণবীরকে পোষ মানাতে পারেননি। সেই অসাধ্য সাধন করলেন আলিয়া। বহু ঘাটের জল খেয়ে রণবীর নিজেকে সঁপে দিয়েছেন আলিয়ার হাতে। এখানেই আলিয়া অনুরাগীরা দীপিকার চেয়ে তাকে এগিয়ে রেখেছেন।

নায়িকা হিসেবেও নাকি দীপিকাকে টেক্কা দিয়েছেন দুদিনের মেয়ে আলিয়া। তাদের মতে কদিন আগেও বলিউডে দীপিকার অবস্থান ছিল এক নম্বরে। বর্তমানে এই স্থান দখল করেছেন আলিয়া। কানাঘুষা চলছে, এখানেও দীপিকার হারটা আলিয়ার কাছেই হলো। চলবেই না কেন? ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ সিনেমায় অভিনয় করে রীতিমতো আলোড়ন তুলেছেন আলিয়া।
সিনেমাটিতে অভিনয় চলাকালীন অনেকেই বলেছিলেন চরিত্রটিতে মানাবে না তাকে। কিন্তু শেষ হাসিটা আলিয়াই হেসেছেন। ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ শতকোটি রুপি আয় করেছে। আলিয়াকেও গাঙ্গুবাই চরিত্রে দেখে মুগ্ধ হয়েছেন দর্শক।
অথচ এই হাসি হাসার কথা ছিল দীপিকার। বানসালি চেয়েছিলেন ছবিটা দীপিকাই করুক। কিন্তু দীপিকা সে প্রস্তাব ফিরিয়েছেন। কেননা, তার চাহিদামতো পারিশ্রমিক দিতে রাজি হননি বানসালি।
বানসালি তখন গাঙ্গুবাই চরিত্রে অভিনয় করার প্রস্তাব আলিয়াকে দেন। প্রস্তাব পেয়ে আলিয়া পারিশ্রমিক নিয়ে কোনো কথাই বলেননি। তার কাছে বানসালির সিনেমায় যুক্ত হওয়াটাই বড় কথা ছিল। আলিয়া যুক্ত হয়েছেন, গাঙ্গুবাই হয়ে পর্দা কাঁপিয়েছেন। জয়ের হাসিও হেসেছেন।

ভারতে এই মুহূর্তে ইতিহাস সৃষ্টিকারী সিনেমার নাম ‘আরআরআর’। সে সিনেমায়ও অভিনয় করেছেন আলিয়া। যদিও পর্দায় তার উপস্থিতি ছিল কম। কিন্তু ছিলেন তো। সেই সূত্রে ‘আরআরআর’ সিনেমার হাজার কোটি রুপি আয়ের কৃতিত্বে তারও অবদান রয়েছে।
এসব দেখে অনুরাগীরাই না শুধু, বলিপাড়ার লোকজনও ফিসফাস করছেন। তারা বলতে চাইছেন, রণবীরকে বাঁধতে না পারার মধ্য দিয়ে আলিয়ার কাছে দীপিকার প্রথম হার হয়েছে। আর দ্বিতীয় হারটা হলো, সঞ্জয় লীলা বানসালির প্রিয় নায়িকার আসনে দীপিকার বদলে এখন আলিয়া ভাট। এসব সমীকরণ টেনেই তাদের মত, একবার নয়। কিছুদিনের ব্যবধানেই দীপিকাকে দুই গোল দিয়ে বসেছেন আলিয়া।
আরআর/আরএসও




