নাটক-সিনেমায় জুটি বেঁধে কাজ করতে গিয়ে অনেকেই বাস্তব জীবনে জুটি বেঁধেছেন। সংখ্যাটা কম নয়। অনেকদিন ধরেই গুঞ্জন চলছে, খায়রুল বাসার ও সাদিয়া আয়মানের নাকি সে পথেই হাঁটছেন। চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন তারা। এবার বিষয়টি মুখ খুললেন বাসার।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এটা আমিও শুনেছি। বাইরে থেকে অনেকেই অনেক কথা বলেন। এটা আমি এনজয় করি। থ্রিলিং মনে হয়। একসঙ্গে বেশি কাজ হলেই কি প্রেম হয়? এমন গুঞ্জন নতুন নয়। আমরা একসঙ্গে বেশি কাজ করি। এর কারণ আমাদের সময় মিলে যাচ্ছে, আবার আমরা সময় মিলিয়ে নিচ্ছি। আবার প্রযোজকেরা দেখছেন আমাদের একসঙ্গে অভিনীত কাজগুলো দর্শক পছন্দ করছেন। তখন অন্যরাও আমাদের একসঙ্গে কাস্টিং করছেন। গল্প পছন্দ হচ্ছে। দুজনই ওকে বলছি। যার ফলে বেশি কাজ হচ্ছে, এই যা।’
বিষয়টি নাকচ করে দিয়ে বাসার বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করতে গিয়ে যেটা হয়েছে, আমাদের সিংকটা জমে গেছে। হয়ত আমরা গল্প নিয়ে শুটিংয়ে আড্ডা দিচ্ছি, কথা বলছি, হাসাহাসি করছি, এগুলো দেখে অন্যরা মনে করছে, প্রেম করছে। সবচেয়ে বড় কথা, আমাদের নিয়ে গল্পের প্রকাশভঙ্গি দর্শকদের ভালো লাগছে। জুটি হিসেবে দর্শকেরা আমাদের স্বীকৃতি দিয়েছেন। দর্শকেরা আমাদের কেমিস্ট্রি নিয়ে কথা বলেন, ভালো লাগে। কিন্তু এটা প্রেম বা রিলেশন এমন কিছু নয়।’
এরইমধ্যে খায়রুল বাসার ও সাদিয়া আয়মানের বেশকিছু নাটক জনপ্রিয়তা পেয়েছে। ঈদে প্রচারিত হয়েছে তাদের ‘সুখ অসুখ’, ‘আজ আকাশে চাঁদ নেই’, ‘বৃষ্টির অপেক্ষায়’, ‘প্রিয় লাইলী’ ও ‘সাদা পায়রা’নাটকগুলো।




