সদ্য মুক্তিপ্রাপ্ত ভারতীয় সিনেমা ‘আদিপুরুষ’কে ঘিরে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। এরইমধ্যে ছবিটি নিষিদ্ধের দাবি তুলে ভারতের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’। এবার ছবিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ‘শক্তিমান’খ্যাত অভিনেতা মুকেশ খান্না। ‘আদিপুরুষ’-এর টিমকে জ্যান্ত পুড়িয়ে মারা উচিত বলে জানালেন মুকেশ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
তিনি বলেন, ‘এরা রামায়ণকে হাস্যকর পর্যায়ে নিয়ে গিয়েছে। এরা মনে হয় কোনও পড়াশোনাই করেনি। মহাকাব্য নিয়ে কোনও ধারণা নেই এদের। এদের ক্ষমা করা মোটেই উচিত নয়। বরং জীবন্ত জ্বালিয়ে দেওয়া উচিত।’
বিজ্ঞাপন
এর আগে ছবিটির রাবণ চরিত্রে রূপদানকারী সাইফ আলী খানকে এক হাত নিয়েছিলেন তিনি। বলেছিলেন, ‘রাবণ ভয়ানক দেখতে হতেই পারে, কিন্তু চন্দ্রকান্তের শিবদত্ত-বিষপুরুষের মতো দেখতে কেমন করে হয়? আমার মনে আছে যখন ছবিটি ঘোষণা করা হয়েছিল, সাইফ বলেছিলেন যে তিনি চরিত্রটিকে হাস্যকর করে তুলবেন। আমি তখনও বলেছিলাম, আপনি কে আমাদের মহাকাব্য, আমাদের ধর্মকে পরিবর্তন করার। মাথা তো কেটে দেবে।’
মুকেশ আরও বলেছিলেন, ‘ওম রাউত রাবণের জন্য আর কাউকে পেলেন না? দেখে তো রাবণের মতো কম, চোরা শিকারিদের মতো বেশি লাগছে।’
‘আদিপুরুষ’ পরিচালনা করেছেন ওম রাউত। বিগ বাজেটে নির্মিত এ ছবি অনেকদিন ধরেই আলোচনায় ছিল। সমালোচনাও কম হয়নি। সীতার চরিত্রে হিন্দুত্ববাদীদের রোষানলে পড়তে হয়েছিল কৃতী স্যানন। এছাড়া রামের ভূমিকায় প্রভাস এবং রাবণ রূপী সইফ আলি খান তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন।




