মাস খানেক আগে বাবা হারিয়েছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। এতে একা হয়ে পড়েছেন তার মা পুনম খুরানা। এবার সেই একাকিত্ব ভুলতে ৭৩ বছরে এসে শুরু করলেন নতুন জীবন শুরু করলেন আয়ুষ্মানের মা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
গতকাল শুক্রবার আয়ুষ্মানের স্ত্রী তাহিরা ইনস্টাগ্রামে হৃদয়স্পর্শী এক ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায় স্বামীর মৃত্যুর পর তার শাশুড়ি চণ্ডীগড় থেকে মুম্বাইয়ে এসে থাকছেন। কাছাকাছি যেসব বয়স্ক নারী আছেন, তাদের সঙ্গে বন্ধুত্ব করছেন তিনি।
আয়ুষ্মানের মায়ের হয়ে ভিডিওটির ক্যাপশনে লেখা, “৭৩ বছর বয়সে আমি কী বেছে নেব জীবনে? একাকিত্বই কি আমার নিয়তি হবে? ঠিকানা বদল করে একটা নতুন শহরে এসেছি। আমার সবচেয়ে ভালোবাসার মানুষটার অবর্তমানে আমি কী ভাবে বেঁচে থাকব?”
মুম্বাইয়ে এসে বেশ কয়েকজন বন্ধু খুঁজে পেয়েছেন পুনম। রোজ বিকেলে তারা একসঙ্গে সময় কাটাতে মিলিত হন। আড্ডায় মেতে ওঠেন। বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা। যোগাসনের উপযোগিতা থেকে শুরু করে পৌরাণিক কাহিনি, আকুপাংচার থেকে ঠাট্টা-ইয়ার্কি— সবই থাকে সেখানে।
আয়ুষ্মানের বাবা পি খুরানা উত্তর ভারতের জনপ্রিয় জ্যোতিষী ছিলেন। গত মাসের ১৯ মে মারা যান তিনি। বাবার মৃত্যুতে ভেঙে পড়েছিলেন আয়ুষ্মান। সম্প্রতি শোক কাটিয়ে উঠেছেন। সেইসঙ্গে মাকে স্বাভাবিক জীবনে ফেরাতে নিয়ে এসেছেন মুম্বাইয়ে নিজের কাছে।




