ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত হয়েছে চতুর্থ আন্তর্জাতিক গণিত উৎসব। বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে অনুষ্ঠিত এই দিবস উপলক্ষ্যে উদ্বোধনী র্যালি, কুইজ প্রতিযোগিতা ও সেমিনারসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (১৩ মার্চ) ‘সকলের জন্য গণিত’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনের সামনে মোট ৩.১৪১৬ কিলোমিটার সড়কে পাই- এর মান অঙ্কনের মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আখতারুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ মার্চ) দিনব্যাপী গণিত দিবসের এই অনুষ্ঠান প্রথমে উদ্বোধনী র্যালি, পরবর্তীতে কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য পৃথক কুইজ প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।
বিজ্ঞাপন
এসময় তিনি বলেন, গণিত দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা পরস্পরের মধ্যে জ্ঞান বিনিময়ের সুযোগ পান এবং নিজেদের সমৃদ্ধ করতে পারেন। এজন্যই আমাদের এখান থেকে প্রাপ্ত শিক্ষাটা লালন করতে হবে। যেন এই সমৃদ্ধিটা সবসময় বজায় থাকে।
এসময় তিনি প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানান এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বাংলাদেশ গণিত সমিতির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শওকাত আলী এবং বাংলাদেশ গণিত সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বাবুল হাসান।
সভাপতির বক্তব্যে ড. মো. শহীদুল ইসলাম বলেন, আমরা শিক্ষার্থীদের গণিতে উৎসাহী করার জন্য এসব প্রতিযোগিতার আয়োজন করে থাকি। কারণ একসময় লোকে গণিতকে ভয় পেতো। অবশ্য, আজ গণিতের প্রয়োজনীয়তা সর্বজনস্বীকৃত এসডিজি ২০৩০ এর লক্ষ্যমাত্রা অর্জনে গণিতের গুরুত্ব অপরিসীম। গণিত ছাড়া জীবন চলানোই অসম্ভব। সিটি স্ক্যান, একাউন্টিং, এমআরআই থেকে শুরু করে সবকিছুই গণিতময়।
বিজ্ঞাপন
এর আগে আন্তর্জাতিক গণিত দিবসটি উপলক্ষ্যে সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে র্যালির নেতৃত্ব দেন এবং দিবসটির কর্মসূচি উদ্বোধন করেন। বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদসহ বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীরা ওই র্যালিতে অংশগ্রহণ করেন।
সকাল ১১টায় দিবসটি উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুজ্জামান এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম খান প্রবন্ধ উপস্থাপন করেন।
এছাড়াও কুইজ প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে ৩ জন এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১০ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।

