বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

শিক্ষার্থীদের বকেয়া উপবৃত্তি এক মাসের মধ্যে: সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪৮ পিএম

শেয়ার করুন:

শিক্ষার্থীদের বকেয়া উপবৃত্তি এক মাসের মধ্যে: সচিব

এক মাসের মধ্যে শিক্ষার্থীরা বকেয়া উপবৃত্তির টাকা পেয়ে যাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহম্মদ।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশের সময় আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য দেন সচিব। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


ফরিদ আহম্মদ বলেন, ‘প্রাথমিকের বকেয়া উপবৃত্তির বিষয়টি নিয়ে আমরা অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছি। আমাদের যোগাযোগ আশানুরূপ হয়েছে। আশা করছি এক মাসের মধ্যে শিক্ষার্থীরা বকেয়া উপবৃত্তির টাকা পেয়ে যাবে।’

সংবাদ সম্মেলনে বৃত্তির ফল প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানান, ‘এবার প্রাথমিকের পঞ্চম শ্রেণিতে ৮২ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ‍্যে ট‍্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ কোটায় ৪৯ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা অষ্টম শ্রেণি পর্যন্ত বৃত্তি পাবে।

প্রতিমন্ত্রী জানান, ট্যালেন্টপুলে বৃত্তির ক্ষেত্রে উপজেলাভিত্তিক প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যার ভিত্তিতে মোট বৃত্তির ৫০ শতাংশ ছাত্র এবং ৫০ শতাংশ ছাত্রীদের মধ্যে জেন্ডারভিত্তিক মেধা অনুসারে প্রদান করা হবে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা করে পাবেন।

এ সময় প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতসহ মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রাথমিকের বৃত্তির ফল প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।


বিজ্ঞাপন


পিএস/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর