ক্যাম্পাস সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ৩ জন প্রতিবেদককে মিডিয়া অ্যাওয়ার্ড দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।
এতে অনুসন্ধানী সাংবাদিক হিসেবে পুরস্কার পেয়েছেন দৈনিক আজাদীর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইমাম ইমু, ফিচার সাংবাদিক হিসেবে পুরস্কার পেয়েছেন ঢাকা পোস্টের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রুমান হাফিজ এবং সক্রিয় সাংবাদিক হিসেবে পুরস্কার পেয়েছেন দৈনিক পূর্বদেশের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাহ রিয়াজ।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের জিইসিতে অবস্থিত হোটেল জামানের ইফকো সেন্টারে আয়োজিত চবি সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভায় এই পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার তুলে দেন সংগঠনের উপদেষ্টামণ্ডলী।
এর আগে বেলা ১১টায় চবি সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভা শুরু হয়। সংগঠনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সংগঠনের বার্ষিক প্রতিবেদন এবং অর্থ সম্পাদক রুমান হাফিজ আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সদ্য সাবেক সভাপতি ড. শহিদুল হক ও চবিসাসের সাবেক নেতাসহ ক্যাম্পাসভিত্তিক বিভিন্ন সংগঠনের নেতারা।
বর্ষসেরা অনুসন্ধানী সাংবাদিকের পুরস্কার পেয়ে ইমাম ইমু ঢাকা মেইলকে তার অনুভূতি ব্যক্ত করে বলেন, সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা আমাকে সম্মানিত করার জন্য। আমি শুধু শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতেও এরকম আরও প্রতিবেদন নিয়ে উপস্থিত হবো।
বিজ্ঞাপন
উপ-উপাচার্য তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা চৌকস। তাদের দৃষ্টিতে সমাজের প্রায় সকল অসঙ্গতি ভুল-ত্রুটি ধরা পড়ে। তেমনি আমাদের বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে ক্যাম্পাস সাংবাদিকদের বিকল্প নেই। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ এগিয়ে যাবে আমরা এটাই চাই।
এইউ

