ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এ রানার্সআপ হয়েছে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি (ডিসিডিএস)।
শনিবার (২৮ নভেম্বর) প্রতিযোগিতার ফাইনালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছে পরাজিত হয়ে দ্বিতীয় স্থান অর্জন করে ঢাকা কলেজের বিতার্কিক দল ‘ডিসিডিএস ঐতিহ্য’।
প্রতিযোগিতার ট্যাব রাউন্ডে গণ বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং তেজগাঁও কলেজকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ঢাকা কলেজের দলটি। এরপর কোয়ার্টার ফাইনালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং সেমিফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ফাইনালে ওঠে ডিসিডিএসের বিতার্কিকরা।
এদিকে প্রতিযোগিতায় টুর্নামেন্টের তৃতীয় সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির আব্দুল্লাহ ফয়সাল। দলের হয়ে আরও বিতর্কে অংশ নেন আজিজুর রহমান (পাভেল) ও মাহিন আহসান।
এ অর্জনে সন্তোষ প্রকাশ করে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ‘এটি আমাদের জন্য একটি সুখবর। বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে রানার্সআপ হওয়ায় আমি তাদের অভিনন্দন জানাচ্ছি। এই আনন্দ শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে চাই, যাতে তারা আরও বেশি বিতর্কের সঙ্গে যুক্ত হয়। ডিসিডিএস ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছি।’
ডিবেটিং সোসাইটির চিফ মডারেটর অধ্যাপক মো. আকতারুজ্জামান বলেন, ‘ডিসিডিএসের ছেলেরা বরাবরের মতো এবারও ঢাকা কলেজের জন্য সাফল্য নিয়ে এসেছে। তাদের এই অর্জনে আমি অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও তাদের জয়ের ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছি। বিজয়ী বিতার্কিকদের অভিনন্দন জানাচ্ছি।’
ডিসিডিএসের মডারেটর রাশেদা আক্তার গাজীও বিতার্কিকদের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন। যুক্তিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অন্যদিকে ডিবেটিং সোসাইটির আরেক মডারেটর ড. নাজমুন খাতুন বলেন, ‘ডিসিডিএসের ধারাবাহিক অর্জনে নিঃসন্দেহে এটি আরও একটি মাইলফলক। বাংলাদেশের প্রেক্ষাপটে একই সঙ্গে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখে চলেছে এমন বিতর্ক সংগঠনের কথা বলতে গেলে ডিসিডিএসের নামই সবার আগে বলতে হবে। বিতার্কিকদের এই অর্জনে অভিনন্দন জানাচ্ছি এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’
সাভারের সিসিডিবি হোপ সেন্টারে তিন দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
এমআর/ এজে




