স্বাধীন বাংলাদেশের প্রথম ক্যাম্পাসভিত্তিক সাংবাদিক সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ৫৫ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সংগঠনটির স্মারকগ্রন্থ ‘অনির্বাণ’-এর মোড়ক উন্মোচন ও কেক কাটা হয়।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাবিসাসের সভাপতি মাহ্ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং জাবিসাসের উপদেষ্টা অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে চায় বর্তমান প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আরও সুদৃঢ় করতে একাডেমিক ক্যালেন্ডার কঠোরভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পুরো ক্যাম্পাসকে সার্বক্ষণিক নিরাপত্তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক সমাজের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই বিশ্ববিদ্যালয়কে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেওয়া সম্ভব। শিক্ষার্থীদের জীবন থেকে মূল্যবান সময় অপচয় হওয়ার সুযোগ আর দেওয়া হবে না।
সভাপতির বক্তব্যে মাহ্ আলম বলেন, ৫৫ বছরের এই দীর্ঘ পথচলা জাবিসাসের জন্য গৌরব, ঐতিহ্য ও দায়িত্বের এক অনন্য স্মারক। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, শিক্ষার্থীদের অধিকার এবং বিভিন্ন অসংগতি ও অনিয়মের বিষয় গণমাধ্যমে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সত্য প্রকাশ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার অঙ্গীকার নিয়েই জাবিসাস আগামীতেও কাজ করবে। একই সঙ্গে সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে চান তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাজিব রায়হান এবং দপ্তর ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭২ সালের ৩ এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি প্রতিষ্ঠিত হয়। এটি স্বাধীন বাংলাদেশের প্রথম ক্যাম্পাসভিত্তিক সাংবাদিক সংগঠন।
প্রতিনিধি/এলএ




