শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

মেধাবী ছাত্রনেতা থেকে ‘স্লোগান মাস্টার’ ইবি ছাত্রদল নেতা আনোয়ার

হীরা মানিক, ইবি
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পিএম

শেয়ার করুন:

মেধাবী ছাত্রনেতা থেকে ‘স্লোগান মাস্টার’ ইবি ছাত্রদল নেতা আনোয়ার

শৈশব থেকেই যিনি মেধাবী, দুরন্ত ও নেতৃত্বগুণসম্পন্ন- পড়াশোনা, খেলাধুলা, বিতর্ক ও সাংগঠনিক কর্মকাণ্ডে রয়েছে তার স্বতঃস্ফূর্ত পদচারণা। ছোটবেলায় দাদার হাত ধরে মিছিলে যাওয়ার আগ্রহই তাকে পরিচিত করেছে ১৭৫ একর ক্যাম্পাসের ‘স্লোগান মাস্টার’ হিসেবে। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার পারভেজ।

আনোয়ার পারভেজ কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের দক্ষিণ মূলগ্রামের রাজনৈতিক সচেতন পরিবারে জন্মগ্রহণ করেন। তার পরিবারের সদস্যরা বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই দলটির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানান তিনি। পারিবারিক রাজনৈতিক আবহের কারণে ছোটবেলা থেকেই রাজনীতির প্রতি  আকর্ষণ তৈরি হয়।

শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে আনোয়ার পারভেজ জানান, কখনো দাদা আবার কখনো চাচা প্রয়াত হাফিজুর রহমান লাল্টু (মেম্বরের) হাত ধরে মিছিলে যেতেন। চতুর্থ শ্রেণিতে পড়ার সময় থেকেই মিছিলে স্লোগান দিতেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনের মিছিলে নজরকাড়া স্লোগানের জন্য  পারিশ্রমিক দিয়েও তাকে মিছিলে নেওয়া হতো বলে স্মৃতিচারণ করেন তিনি।

রাজনৈতিক আগ্রহের পাশাপাশি পড়াশোনাতেও ছিলেন সমান মনোযোগী। মাধ্যমিক পর্যায়ে প্রতিবছর মেধাবৃত্তি অর্জন করেন। তিনি ২০০৯ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও ২০১১ সালে একই বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পরে ২০১১-১২ শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে ভর্তি হন।

তার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার স্মৃতিটিও ব্যতিক্রমী। ২০১১ সালের ২৬ নভেম্বর কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জনসভায় উপস্থিত ছিলেন তিনি ও তার পিতা। ঠিক সেই সময় পিতার মুঠোফোনে আসে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার বার্তা। রাজনৈতিক ময়দানের মধ্যেই আসে  শিক্ষাজীবনের নতুন অধ্যায়ে প্রবেশের মুহূর্ত।

বিশ্ববিদ্যালয়ে পা রাখার পর থেকেই রাজনীতির সঙ্গে তার প্রাতিষ্ঠানিক পথচলা শুরু হয়। দীর্ঘ ১৭ বছর আওয়ামী সময়ে কারা-নির্যাতনের পাশাপাশি শিক্ষাজীবনেও বাধার মুখে পড়েন তিনি। জুলাই আন্দোলনের পরে উদ্দীপনামূলক স্লোগান আবারও তাকে আলোচনায় নিয়ে আসে। সেখান থেকেই ক্যাম্পাসে ‘স্লোগান মাস্টার’ হিসেবে পরিচিতি পান আনোয়ার পারভেজ। বর্তমানে তিনি ইবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

রাজনীতির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনেও রয়েছে তার সম্পৃক্ততা। পরিসংখ্যান বিভাগ ও শহীদ জিয়াউর রহমান হলের ফুটবল দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি। এ ছাড়া বিভাগ ও হলের ক্রিকেট দলের সদস্যের পাশাপাশি হলের ভলিবল দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আন্তঃউপজেলা পর্যায়ের খেলাধুলায় অর্জন করেন প্রথম স্থান।

রাজনৈতিক জীবনের অন্যতম প্রাপ্তি বলে তিনি জানান, ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি বিএনপির গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সুযোগ পান। তার ভাষ্য অনুযায়ী, ওই সময় প্রায় দেড় মিনিট তার সঙ্গে কথা বলেছিলেন গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়া। পারভেজের অনুসারীদের কাছে নিজেকে ভাই হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর