মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে বিভাগের শিক্ষার্থীদের তিন দিনব্যাপী ইন্ডাস্ট্রিয়াল ট্যুর ও শিক্ষাসফর সম্পন্ন হয়েছে। ২১ থেকে ২৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন এবং কক্সবাজার ও টেকনাফ ভ্রমণের মধ্য দিয়ে এই সফর সম্পন্ন হয়।
ইইই ক্লাবের আয়োজনে সফরে নেতৃত্ব দেন বিভাগের শিক্ষক দীন ইসলাম ও মো. আল আমীন হোসেন। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে বাস্তব প্রকৌশল শিক্ষার সমন্বয় ঘটানোর লক্ষ্যে এবারের শিল্প পরিদর্শনের অন্যতম গন্তব্য হিসেবে বেছে নেওয়া হয় দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র। সফরের অংশ হিসেবে ২২ নভেম্বর শিক্ষার্থীরা কেন্দ্রটি পরিদর্শন করেন।
এ সময় কেন্দ্রের প্রকৌশল একাডেমিতে শিক্ষার্থীদের জলবিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন কারিগরি দিক সম্পর্কে ধারণা দিতে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রের ব্যবস্থাপক মো. মাহমুদ হাসান। তিনি শিক্ষার্থীদের জলবিদ্যুৎ প্রকল্পের ইতিহাস, বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া, পাঁচটি উৎপাদন ইউনিট এবং কেন্দ্রটির মোট ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।
পরে প্রকৌশলী কামরুল হাসানের নেতৃত্বে শিক্ষার্থীরা বিদ্যুৎকেন্দ্রের চতুর্থ ইউনিটের নিয়ন্ত্রণকক্ষ, টারবাইন, জেনারেটর ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় বিদ্যুৎ উৎপাদন, পরিচালনা ও নিয়ন্ত্রণব্যবস্থার বাস্তব কার্যক্রম সম্পর্কে জানার সুযোগ পান তাঁরা।
কাপ্তাইয়ে জলবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষার্থীরা কক্সবাজার ও টেকনাফ ভ্রমণ করেন। সেখানে সমুদ্রসৈকতসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ শিল্প পরিদর্শন ও শিক্ষাসফরের সমাপ্তি ঘটে।
এএম




