আসন্ন মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদ্যাপনে দেশের সব মাদরাসার জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। নির্দেশনায় জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ, বিজয়মেলা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালনের কথা বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। এতে দেশের সব মাদরাসার প্রতিষ্ঠানপ্রধান, অধ্যক্ষ, সুপার ও পরিচালনা কমিটির সদস্যদের প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা বিধিমালা অনুসরণ করে প্রতিটি মাদরাসায় জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। সকাল ৯টায় জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত তিন দিনব্যাপী বিজয়মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে। এসব ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে রয়েছে প্রীতি ফুটবল ম্যাচ, টি-টোয়েন্টি ক্রিকেট, কাবাডি ও হা-ডু-ডু।
নির্দেশনায় আরও বলা হয়েছে, বিজয় দিবস উপলক্ষে প্রতিটি মাদরাসায় শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করতে হবে। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করতে হবে।
অন্যদিকে, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের জন্যও পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা বোর্ড। জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সব মাদরাসাকে যথাযথভাবে দিবসটির কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
এম/এআরএম




