বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ, সর্বনিম্ন জিপিএ ৮.৫০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩২ এএম

শেয়ার করুন:

এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ, সর্বনিম্ন জিপিএ ৮.৫০
ছবি: সংগৃহীত

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। 

নীতিমালা অনুযায়ী, এ বছর মেডিকেল ও ডেন্টালে ভর্তিতে আবেদনের যোগ্যতা হিসেবে গত বছরের ন্যায় এবারো এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৮.৫০ নির্ধারণ করা হয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ নির্ধারণ করা হয়েছে ৮.০০।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের ওয়েবসাইটে এ নীতিমালা প্রকাশ করা হয়।

নীতিমালা অনুযায়ী, আবেদনকারীকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় নিয়মিতভাবে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি মোট জিপিএ কমপক্ষে ৮.৫০ থাকতে হবে। এইচএসসি পর্যায়ে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয় থাকা বাধ্যতামূলক। জীববিজ্ঞানে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.৫০ অথবা এ-মাইনাস থাকতে হবে।

তবে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী অর্থাৎ সব ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.০০ নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।

নীতিমালায় পরীক্ষায় অংশগ্রহণের সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে হলে প্রার্থীকে ২০২৫ অথবা ২০২৬ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একই সঙ্গে ২০২৩ সালের আগে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদনের যোগ্য হবেন না।

ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর বিবেচনা করা হবে। এসএসসি ও এইচএসসির জিপিএর জন্য মোট ১০০ নম্বর নির্ধারণ করা হয়েছে। সদ্য এইচএসসি উত্তীর্ণদের ক্ষেত্রে এসএসসির জিপিএর ৮ গুণ এবং এইচএসসির জিপিএর ১২ গুণ নম্বরের সঙ্গে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর যোগ করে জাতীয় মেধাতালিকা তৈরি করা হবে।

অন্যদিকে, পূর্ববর্তী বছরে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মোট প্রাপ্ত নম্বর থেকে ৩ নম্বর কাটা হবে। আর আগের শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট নম্বর থেকে ৫ নম্বর কর্তন করে মেধাক্রম নির্ধারণ করা হবে।

নীতিমালা অনুযায়ী, সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে ভর্তির জন্য একই প্রশ্নপত্রে অভিন্ন জাতীয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইচএসসি বা সমমানের পাঠ্যসূচির ভিত্তিতে একক সঠিক উত্তর নির্বাচন পদ্ধতিতে ১০০ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষা নেওয়া হবে।

বিষয়ভিত্তিক নম্বর বিভাজন হবে—জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়নে ১৫ নম্বর। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ১ ঘণ্টা ১৫ মিনিট। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।

নীতিমালায় বিদেশি শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতাও নির্ধারণ করা হয়েছে। সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির ক্ষেত্রে বিদেশি প্রার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.৫০ থাকতে হবে। জীববিজ্ঞানে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.৫০ অথবা এ-মাইনাস থাকতে হবে।

বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে বিদেশি প্রার্থীদের ক্ষেত্রে মোট জিপিএ কমপক্ষে ৬.০০ নির্ধারণ করা হয়েছে। তবে কোনো একক পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদন করা যাবে না। এ ক্ষেত্রেও জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

ভর্তির আবেদনসংক্রান্ত সব কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে। একজন শিক্ষার্থী কেবল একবার আবেদন করতে পারবেন। অনলাইনে ফরম পূরণ ও নির্ধারিত ফি জমা দেওয়ার পর প্রয়োজনে সর্বোচ্চ দুইবার পছন্দক্রম পরিবর্তনের সুযোগ থাকবে।

এ ছাড়া 'ও' লেভেল, 'এ' লেভেল বা বিদেশি শিক্ষাব্যবস্থায় উত্তীর্ণ প্রার্থীদের নম্বরপত্র স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে সমতাকরণ করতে হবে।

নতুন নীতিমালায় আবেদন যোগ্যতা, ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন এবং মেধাতালিকা তৈরির পদ্ধতি নির্ধারণের মাধ্যমে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টালে ভর্তির প্রক্রিয়া পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

এসএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর