বর্ণাঢ্য আয়োজনে ৪৮ পাউন্ডের কেক কেটে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৮তম দিবস উদযাপন করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পরে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর চত্বরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর প্রশাসন ভবনের সামনে ৪৮ পাউন্ডের কেক কাটা হয়। বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী ও রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান। আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মতিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী।
এ ছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, হল প্রশাসনের প্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী এবং ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর নেতারা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেন, “স্বাধীনতা-উত্তর বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় এটি। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত দিয়ে ১৯৭৯ সালের ২২ নভেম্বর এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও প্রতিষ্ঠা করা হয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য এই অঞ্চলকে বেছে নেওয়ার পেছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি লক্ষ্য ও উদ্দেশ্য ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘদিন ধরে এই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও উদ্দেশ্যকে ভুলুণ্ঠিত করে অন্যভাবে পরিচালিত করার চেষ্টা করা হয়েছে। জিয়াউর রহমান যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, তা বাস্তবায়নে আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।”
প্রতিনিধি/এসএস




