সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে উন্নীতকরণসহ তিন দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছে প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদ। আগামী বছরের ১ জানুয়ারির মধ্যে দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
রোববার (২২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি মো. মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক বিজয় কর্মকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন ভার্চুয়াল সভা-সেমিনারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জীবনমান ও সামাজিক মর্যাদা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।
দলটির নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী, ক্ষমতায় আসার প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষকদের অর্থনৈতিক সুযোগ-সুবিধা ও সামাজিক মর্যাদা বৃদ্ধির বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক, জুতা ও ব্যাগ বিতরণ, বিদ্যালয়ে দুপুরের খাবারের ব্যবস্থা এবং প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি করে ট্যাব দেওয়ার মতো বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তবে শিক্ষার্থীদের জন্য এসব কার্যক্রম নেওয়া হলেও সহকারী শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
সংগঠনটি জানায়, গত বছরের ১০ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থসচিবের সভাপতিত্বে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের উপস্থিতিতে শিক্ষকনেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক আলোচনায় তিন দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছিল।
দাবিগুলো হলো- সহকারী শিক্ষকদের বর্তমান ১৩তম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করা, চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসন এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।
তবে প্রতিশ্রুতি দেওয়ার এক বছর পেরিয়ে গেলেও দাবিগুলোর কোনোটিই বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেছে সংগঠনটি। এতে প্রাথমিক শিক্ষকদের মধ্যে হতাশা ও অসন্তোষ তৈরি হয়েছে। একইসঙ্গে প্রধানমন্ত্রীর ১৮০ দিনের কর্মপরিকল্পনায় শিক্ষকদের জীবনমান উন্নয়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার বাস্তবায়নেও দৃশ্যমান অগ্রগতি নেই বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী বছরের ১ জানুয়ারি নতুন শিক্ষাবর্ষের বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার সময়ের মধ্যে সহকারী শিক্ষকদের দশম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়ন করা প্রয়োজন।
এক্ষেত্রে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি। একইসঙ্গে দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এম/এএইচ



