শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পকেট গেটের তালা খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আন্দোলন শুরুর প্রায় ৩০ মিনিটের মধ্যেই গেটটি খুলে দেওয়া হয়।
শনিবার (২১ নভেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে শেখ মুজিবুর রহমান হলের পাশের পকেট গেটে গিয়ে অবস্থান নেন তারা। এ সময় গেটটি খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। পরে রাত ১০টা ১৮ মিনিটে গেটের তালা খুলে দেয় প্রশাসন।
এ আন্দোলনে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বিজয় একাত্তর হল, কবি জসীম উদ্দীন হল ও সূর্যসেন হলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা অংশ নেন। বিক্ষোভ চলাকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর মীর মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আলী এবং অধ্যাপক ড. এনামুল হক সজীব। এ সময় তাদের সামনে শিক্ষার্থীদের ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে দেখা যায়।
এর আগে, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একটি সমন্বয় সভায় নিরাপত্তার কারণ দেখিয়ে শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পকেট গেটটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে গেটটি বন্ধ থাকায় যাতায়াতে ভোগান্তির কথা জানিয়ে সেটি খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা।
এসআই




