শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

নিখোঁজের ২ দিন পর ধানক্ষেত থেকে রাবি শিক্ষার্থী অচেতন অবস্থায় উদ্ধার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৬:২২ পিএম

শেয়ার করুন:

নিখোঁজের ২ দিন পর ধানক্ষেত থেকে রাবি শিক্ষার্থী অচেতন অবস্থায় উদ্ধার
শিক্ষার্থী মো. হৃদয় আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে

মেস থেকে বের হয়ে নিখোঁজ থাকার দুইদিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. হৃদয় আলীকে নাটোরের বড়াইগ্রামের এক ধানক্ষেত থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয়রা।

শনিবার (২১ নভেম্বর) বেলা পৌঁনে ১২টার দিকে উপজেলার ময়না গ্রামের একটি ধানক্ষেত থেকে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করেন। শ্বাসকষ্ট থাকায় তাকে নাটোরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

​হৃদয় আলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তিনি বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকার ‘মণ্ডল ম্যানশন’ নামের একটি মেসে থাকেন।

জানা গেছে, বড়াইগ্রামে উপজেলার ময়না গ্রামের ধানক্ষেতে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র ও একটি চাবির রিংসহ হৃদয়কে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা। পরে স্থানীয় ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিষয়টি রাবি শাখা ছাত্রশিবিরকে জানান। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক হাফিজ মেহেদী হাসান জানান, খবর পেয়েই তারা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেন।

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান জানান, হৃদয় বর্তমানে নাটোরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন। তাকে ফিরিয়ে আনতে উপাচার্য, প্রক্টরিয়াল বডি, পুলিশ ও বিভাগের শিক্ষকেরা নাটোরের উদ্দেশে রওনা হয়েছেন। ঘটনাটি কীভাবে ঘটল তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না; তার জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি কালো ব্যাগ নিয়ে মেস থেকে বের হয়ে নিখোঁজ হন হৃদয়। সম্ভাব্য সব জায়গায় খুঁজে না পেয়ে শুক্রবার নগরের মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পুলিশ মুঠোফোন ট্র্যাক করে রাত ৯টা ৩১ মিনিটে নগরের শিরোইল কলোনি এলাকায় তার সর্বশেষ অবস্থান শনাক্ত করে; এরপর থেকে ফোনটি বন্ধ পাওয়া যায়।

প্রতিনিধি/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর