শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঢাকা কলেজের অবস্থা এমন থাকবে কেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রশ্ন সালামের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৬:০১ পিএম

শেয়ার করুন:

ঢাকা কলেজের অবস্থা এমন থাকবে কেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রশ্ন সালামের
ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে কলেজটির প্রত্যাশিত অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় প্রশ্ন তুলেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

তিনি বলেছেন, ‘বাংলাদেশ চালায় ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীরা, দেশ বিনির্মাণেও তাঁদের ভূমিকা রয়েছে। তাহলে ঢাকা কলেজের অবস্থা এমন থাকবে কেন? এটি মেনে নেওয়া যায় না।’

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, অনুষ্ঠানে রাষ্ট্রপতি, সরকারের উপদেষ্টা, শিক্ষামন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষা সচিব উপস্থিত রয়েছেন। তাঁদের কাছে প্রত্যাশা, ঢাকা কলেজের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। বর্তমান সরকারের আমলেই কলেজটির সার্বিক অবস্থার পরিবর্তন ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজের যে মান ও অবস্থান, সে অনুযায়ী এর অবকাঠামোগত ও আনুষঙ্গিক উন্নয়ন হওয়া প্রয়োজন ছিল। কিন্তু প্রত্যাশিত মাত্রায় উন্নয়ন হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিরা দায়িত্ব পালনকালে কলেজটির সার্বিক চিত্র বদলে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে ডিএসসিসি প্রশাসক বলেন, নটরডেম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করার পর ডিগ্রিতে পড়ার জন্য ঢাকা কলেজে ভর্তি হয়েছিলেন তিনি। ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সময়টি তাঁর রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য অধ্যায়। ওই সময় ঢাকা কলেজের হল, ক্যানটিন ও ছাত্রাবাস ঘিরে অনেক স্মৃতি রয়েছে। তবে সেসব স্মৃতি বিস্তারিত বলতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন হবে বলেও উল্লেখ করেন তিনি।

দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আব্দুস সালাম বলেন, বাংলাদেশ বর্তমানে গণতান্ত্রিক পথে হাঁটতে শুরু করেছে। গণতন্ত্র ও সংসদীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রচেষ্টায় ঢাকা কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, গণতন্ত্র যেন আবার বাধাগ্রস্ত না হয় এবং দেশকে যেন পুনরায় চোরাগলির পথে ঠেলে দেওয়া না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে ঢাকা কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি প্রত্যাশা করেন।

এম/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর