শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ঢাকা

ববিতে কর্মকর্তাকে ঘিরে ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি, ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ এএম

শেয়ার করুন:

ববিতে কর্মকর্তাকে ঘিরে ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি, ভিডিও ভাইরাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আওয়ামী লীগপন্থী হিসেবে অভিযুক্ত এক কর্মকর্তাকে দফতর থেকে বের করে দেওয়াকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দফতরে এ ঘটনা ঘটে। দফতরটির পরিচালক মো. হুমায়ুন কবিরকে কেন্দ্র করে এ সংঘাতের সূত্রপাত। তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব-১ আব্দুল মালেকের ভাই।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় হুমায়ুন কবিরকে তার দফতর থেকে বের করে দেওয়ার উদ্যোগ নেন ছাত্রদলের সহসভাপতি মিনহাজুল ইসলামের অনুসারীরা। এতে বাধা দেন যুগ্ম সম্পাদক আজমাইন সাকিব। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা এবং পরে হাতাহাতি হয়।

ছাত্রদলের সহসভাপতি মিনহাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে হুমায়ুন কবিরকে কক্ষ ছেড়ে চলে যাওয়ার জন্য ফোন করা হয়েছিল। বৃহস্পতিবার কয়েকবার তার কক্ষে গিয়েও তাকে পাওয়া যায়নি। পরে কক্ষের সামনে অবস্থান নেওয়ার সময় আজমাইন সাকিবকে সেখানে দেখা যায়।

মিনহাজের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে হুমায়ুন কবির অবৈধভাবে নিয়োগ ও পদোন্নতি পেয়েছেন। বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়েও তিনি কটূক্তি করেছিলেন। এসব কর্মকাণ্ডের প্রতিবাদে দফতরের চেয়ারে অভিযোগ লিখতে গেলে আজমাইন সাকিব বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে নিচেও দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

ক্ষোভ প্রকাশ করে মিনহাজ বলেন, ‘একজন চিহ্নিত আওয়ামী লীগের দোসরকে বাঁচাতে কোন স্বার্থে এসে মারামারি করা হলো? কত টাকার ডিল হয়েছে?’

তবে মিনহাজের অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজমাইন সাকিব। তিনি বলেন, ‘গতকালের ঘটনা নিয়ে ধাক্কাধাক্কি হয়েছে। আমরা নাকি টাকা নিয়ে সবাইকে ছেড়ে দিয়েছি—এমন অভিযোগ নিয়ে কথা-কাটাকাটি থেকে ধাক্কাধাক্কি হয়েছে। আর আমরা হুমায়ুন কবিরের দফতরে যাইনি। ওটা কালাম ভাইয়ের অফিস ছিল।’

তবে খোঁজ নিয়ে জানা গেছে, কালাম বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দফতরের একজন প্রশাসনিক কর্মকর্তা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. মোশাররফ হোসেন বলেন, ছাত্রদলের কোনো নেতাকর্মী আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছেন—এমন তথ্য-প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর