অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে শক্তিশালী ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনব্যবস্থা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দৃঢ় অবস্থান অনুকরণীয় বলে মন্তব্য করেছেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও দফতর সম্পাদকের দায়িত্বে থাকা সোয়াইব আহমেদ সজীব।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা কলেজের মুক্তমঞ্চে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘জাতীয় বিপ্লব ও সংহতি, প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং একটি নতুন বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ‘কমল রিডিং ক্লাব’। এতে ঢাকা কলেজের ২০২৪-২৫ ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আলোচক হিসেবে অংশ নেন।
বক্তব্যে সোয়াইব আহমেদ সজীব জাতীয় পর্যায়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশের রাজনৈতিক পরিবর্তন, জাতীয় ঐক্য এবং রাষ্ট্রীয় কাঠামোর বিভিন্ন ঐতিহাসিক ঘটনাপ্রবাহের সঙ্গে এ দিবসের তাৎপর্য জড়িয়ে রয়েছে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের এ দিবসের গুরুত্ব অনুধাবনের পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রয়োজন।
তিনি আরও বলেন, অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে একটি শক্তিশালী, স্বনির্ভর ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনব্যবস্থার বিভিন্ন উদ্যোগ থেকে শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে। একই সঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাজনৈতিক অধিকার আদায়ের প্রশ্নে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দৃঢ় অবস্থানও অনুকরণীয় দৃষ্টান্ত।
আলোচনা সভায় শিক্ষার্থীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, রাজনৈতিক দর্শন, রাষ্ট্র পরিচালনায় তার ভূমিকা এবং স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে তার অবদান নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হাসান আল মামুন, শেখ এমদাদুল ইসলাম শীষ, মো. আব্দুর রউফ ও জান্নাতুল ফেরদৌস জিনু। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শাকিল আহমেদ। এ ছাড়া ছাত্রদলের অন্যান্য আহ্বায়ক কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে সেরা তিনজন আলোচককে বই উপহার দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারী ও উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে কলম বিতরণ করা হয়।
এম/এসআই




