মুসলিম ঐতিহ্য ও ধর্মীয় চেতনা বজায় রেখেই মাদরাসা আধুনিকায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আ. খ. ম. আবুবকর সিদ্দীক। দারুননাজাত একাডেমির উদ্যোগে প্রকাশিত ‘বার্ষিকী–২০২৬’ এর মোড়ক উন্মোচন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শনিবার (১৪ নভেম্বর) প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অধ্যক্ষ আ. খ. ম. আবুবকর সিদ্দীক বলেন, ‘মৌলিকত্ব ছাড়া যাবে না। কোরআন, হাদিস, ইজমা-কিয়াসের মৌলিকত্ব বজায় রেখেই আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও সাহিত্য চর্চা করতে হবে। মাটিতে পা রেখেই মহাকাশ, গ্রহ-নক্ষত্র ও আসমান নিয়ে গবেষণা করতে হবে। সাহিত্যের সকল শাখায় ইসলামের মূল শিক্ষা-চেতনা অব্যাহত রেখে সাহিত্য চর্চা বাড়াতে হবে।’
সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও দারুননাজাত একাডেমির সভাপতি ব্যারিস্টার এ বি এম ছিদ্দিকুর রহমান খানে বলেন, ‘কবি-সাহিত্যিকগণ হলেন অমর। তারা মৃত্যুবরণ করেন, কিন্তু তাদের কীর্তি থেকে যায়। কীর্তির বদৌলতে তারা অমর হয়ে যান। একাডেমি থেকে প্রকাশিত বার্ষিকীতে দেখলাম অনেক মানসম্পন্ন লেখা। মাত্র অষ্টম শ্রেণির একটি প্রতিষ্ঠান থেকে এত সুন্দর বার্ষিকী প্রকাশ সত্যিই বড় চ্যালেঞ্জিং। সকল চ্যালেঞ্জ মোকাবেলা করেই সাহিত্যের মাঠে ইসলামি প্রভাব প্রতিপত্তি বজায় রাখতে হবে।’
অনুষ্ঠানের বিশেষ অতিথি ইস্টার্ন ব্যাংক পিএলসি’র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান আইন কর্মকর্তা অ্যাডভোকেট মু. বুরহানুর রহমান খান বলেন, ‘মাদরাসা শিক্ষার্থীরা শিক্ষা-দীক্ষা, জ্ঞান-বিজ্ঞান ও সাহিত্য চর্চায় এখন বেশ এগিয়ে। দারুননাজাত একাডেমির মতো আধুনিক প্রতিষ্ঠানে পড়তে পারা ডাবল অপরচুনিটি। এখানে যেমন আছে দীনি শিক্ষা তেমনি জেনারেল ধারার সব শিক্ষাই আছে। আছে সাহিত্য চর্চার অবারিত সুযোগ। আপনার সন্তান এখানে নিঃসন্দেহে অসাধারণ সব কোয়ালিটি নিয়ে বেড়ে উঠবে।’

অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার শাহীন আহমেদ বলেন, ‘এত ছোট ছোট শিক্ষার্থীরা এত বড় কাজ করেছে, সত্যিই বিস্ময়কর। মাদরাসা শিক্ষার সঙ্গে সাহিত্য চর্চার মতো চ্যালেঞ্জিং একটি বিষয় এখানে বাচ্চারা শিখছে, এ ধারা অব্যাহত থাকলে শিল্প-সাহিত্যের একটা নতুন জোয়ার সৃষ্টি হবে।’
দারুননাজাত একাডেমির সিইও নাজমুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, কল্পনাশক্তি, ভাষাগত দক্ষতা ও লেখনীশক্তির বিকাশে বার্ষিকী প্রকাশ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মনের ভাব সৃজনশীলভাবে প্রকাশের সুযোগ পায়। পাশাপাশি তাদের আত্মপ্রকাশের আত্মবিশ্বাস ও সাহিত্যচর্চার আগ্রহও বৃদ্ধি পায়। আমরা বিশ্বাস করি, এই বার্ষিকী শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে এবং মননশীল ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে উঠতে অনুপ্রেরণা জোগাবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দারুননাজাত মহিলা মাদরাসার উপাধ্যক্ষ খান মুহাম্মদ সফিউল্লাহ, একাডেমির পরিচালক মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মু. জিয়াউল হক ও একাডেমির শিক্ষকবৃন্দ।
জেবি




