শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

শিক্ষকদের যৌক্তিক দাবি পূরণ করবে সরকার, রাজপথে নামতে হবে না: হুইপ অপু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম

শেয়ার করুন:

শিক্ষকদের যৌক্তিক দাবি পূরণ করবে সরকার, রাজপথে নামতে হবে না: হুইপ অপু
জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

শিক্ষকদের সব যৌক্তিক দাবি আলোচনার মাধ্যমে পর্যায়ক্রমে পূরণ করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। শিক্ষকদের দাবি-দাওয়া আদায়ে রাজপথে নামতে হবে না বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি ভবনে নবগঠিত সংগঠন ‘প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পিট্যাব)’-এর প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ বলেন, ‘বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার। শিক্ষা খাতকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।’

তিনি বলেন, ‘শিক্ষকদের উত্থাপিত দাবিগুলো যৌক্তিক। আশা করি, আলোচনার মাধ্যমে একে একে সব দাবি পূরণ করা সম্ভব হবে।’

নুরুদ্দিন অপু বলেন, ‘একজন শিক্ষকের গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।’

তিনি বলেন, ‘দিনের বড় একটি সময় সন্তানদের বিদ্যালয়ে রেখে আসেন অভিভাবকেরা। সেখানে শিক্ষকরা শিক্ষা, আদর ও স্নেহ দিয়ে তাদের দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলেন। এ কারণেই শিক্ষকরা জাতির অভিভাবক।’

শিক্ষকদের উদ্দেশে হুইপ বলেন, ‘প্রধানমন্ত্রী শিক্ষকদের যে সম্মান ও মর্যাদার চোখে দেখেন, তা ধরে রাখতে হবে।’

তিনি বলেন, ‘বিগত সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তুলনায় বেসরকারি বিদ্যালয়ে এখন ছাত্র ভর্তির হার বেশি। এটা একটা গভীর চক্রান্ত।’

তিনি আরও বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের তুলনায় ছেলেদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এই জাতির জন্য এটা একটি ভয়াবহ দুঃসংবাদ। আপনাদের কৌশল দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের আগের গৌরবকে ফিরিয়ে আনতে হবে। এটাই জাতি আপনাদের কাছে প্রত্যাশা করে।’

হুইপ বলেন, ‘প্রাথমিক শিক্ষার হারানো গৌরব ফিরিয়ে আনতে শিক্ষকদের কার্যকর ভূমিকা রাখতে হবে। আগামী প্রজন্ম কেমন হবে, তা অনেকাংশেই নির্ভর করছে শিক্ষকদের ওপর।’

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে সংসদ সদস্য ও অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, ‘শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে শিক্ষকরা সেই শিক্ষার মেরুদণ্ড। শিক্ষকদের সামাজিক মর্যাদা, আর্থিক সচ্ছলতা ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী হবেন না।’

তিনি শিক্ষকদের জন্য পৃথক বেতন স্কেল প্রণয়ন, পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা এবং গবেষণায় উৎসাহ দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের শৃঙ্খলা ফিরিয়ে আনতে শিক্ষকদের প্রয়োজনীয় কর্তৃত্ব ও সম্মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য আনিসুর রহমান তালুদার খোকন ও সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। পিট্যাবের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. শাজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত শিক্ষক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর