বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার (এটিইও) অ্যাসোসিয়েশনের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকার নবাবগঞ্জের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সিরাজুল ইসলাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের মিঠামইনের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মাহফুজ মিয়া।
নবনির্বাচিত এই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে। তবে কমিটির পূর্ণাঙ্গ তালিকা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মুনির চৌধুরী অডিটরিয়ামে সংগঠনটির এক সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। শনিবার (১৪ নভেম্বর) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উৎসবমুখর পরিবেশে এবং সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচনে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় তিন শতাধিক সহকারী উপজেলা শিক্ষা অফিসার অংশ নেন। সংগঠনটির সর্বশেষ কমিটির সাধারণ সম্পাদক মো. আল আমিন হাওলাদারের নেতৃত্বে নির্বাচন পরিচালনা করা হয় এবং ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনের ফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মাহফুজ মিয়া যৌথ বিবৃতিতে সংগঠনের সব সদস্য, ব্যাচ প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানান।
বিবৃতিতে তারা বলেন, আগামী দিনে সংগঠনের সদস্যদের কল্যাণ, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা এবং প্রধানমন্ত্রীর প্রাথমিক শিক্ষা-সংশ্লিষ্ট নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
এম/এআরএম




