শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

গবেষণার মান ও নৈতিকতা নিয়ে জবিতে ইউটিএলের সেমিনার

জবি প্রতিবেদক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ০১:০৩ এএম

শেয়ার করুন:

গবেষণার মান ও নৈতিকতা নিয়ে জবিতে ইউটিএলের সেমিনার

গবেষণার মানোন্নয়ন, প্রকাশনার নৈতিকতা এবং আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশের কৌশল নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে মানসম্মত গবেষণার পাশাপাশি গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যথাযথ ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন আলোচকেরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচতলায় শিক্ষক লাউঞ্জে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত সেমিনারের শিরোনাম ছিল ‘ন্যাভিগেটিং অ্যাকাডেমিক ইন্টেগ্রিটি: হাই-ইমপ্যাক্ট আর্টিকেল পাবলিকেশন অ্যান্ড দ্য রাইজ অব রিট্র্যাকশনস’।

সেমিনারে মূল বক্তব্য দেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইউটিএলের সভাপতি অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। তিনি বলেন, গবেষণার ক্ষেত্রে শুধু প্রকাশনার সংখ্যা বাড়ানো নয়, বরং মানসম্মত ও নৈতিক গবেষণার ওপর গুরুত্ব দিতে হবে। ভালো জার্নালে গবেষণা প্রকাশের মাধ্যমে একজন গবেষক আন্তর্জাতিক স্বীকৃতি, সাইটেশন ও পেশাগত সুযোগ পেতে পারেন। অন্যদিকে, নিম্নমানের বা ভুয়া জার্নালে গবেষণা প্রকাশ করলে গবেষকের গ্রহণযোগ্যতা নষ্ট হতে পারে।

তিনি আরও বলেন, গবেষণা শুরুর আগে গবেষণা প্রশ্নের নতুনত্ব, যৌক্তিকতা, তাৎপর্য ও গ্রহণযোগ্যতা যাচাই করা জরুরি। একই সঙ্গে গবেষণার পুনরুৎপাদনযোগ্যতা (রিপ্রোডিউসিবিলিটি), মান এবং প্রকাশনার নৈতিকতা নিশ্চিত করতে হবে। এ সময় তিনি গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, দেশকে এগিয়ে নিতে শুধু রাজনীতি নয়, গবেষণা ও বিজ্ঞানভিত্তিক কর্মকাণ্ডেও মনোযোগ দিতে হবে। এআই আমাদের প্রতিদ্বন্দ্বী নয়। সঠিকভাবে ব্যবহার করতে পারলে এটি গবেষণা ও শিক্ষা খাতের উন্নয়নে সেরা সহকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ইউটিএল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক অধ্যাপক ড. আবু লায়েকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহমেদ এবং ইউটিএলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন।

এ ছাড়া বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ইউটিএল আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জকসুর সাধারণ সম্পাদক ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর