বাচ্চার বয়স কমপক্ষে ছয় বছর না হলে ভর্তি করানো যাবে না সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষার্থীর প্রথম শ্রেণিতে ভর্তির বয়সসীমা নিয়ে নতুন এই সিদ্ধান্ত জানিয়েছে বর্তমান সরকার।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশোধিত ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা–২০২৭’ থেকে এ তথ্য জানা গেছে।
এতদিন শিশুর বয়স পাঁচ বছর হলেই ভর্তি করানো যেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। নতুন সিদ্ধান্তে সেই বয়সসীমা এক বছর বাড়ানো হয়েছে।
এর আগে গত ১৩ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত ২০২৭ সালের নীতিমালা প্রকাশ করে। ওই নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির জন্য ন্যূনতম বয়স পাঁচ বছর নির্ধারণ করা হয়েছিল।
তবে এবার সংশোধিত নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির বয়স পুনর্র্নিধারণ করা হয়েছে। এতে জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুসরণ করে বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি শিক্ষার্থীর বয়স ছয় বছর পূর্ণ হতে হবে, তবে সাত বছর পূর্ণ হওয়া যাবে না।
সেই অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য জন্মতারিখ ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২০ সালের মধ্যে হতে হবে।
নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থীর বয়স যাচাইয়ের জন্য ভর্তি আবেদনের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত অতিরিক্ত ছাড় দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
এতে বলা হয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির সুযোগ পেতে সংশ্লিষ্ট শ্রেণিতে আসন খালি থাকতে হবে। প্রথম শ্রেণিতে ভর্তির জন্য ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হবে। আর দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে। ভর্তি প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে পরিচালনার দায়িত্বে থাকবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।
নীতিমালায় বলা হয়েছে, ডিজিটাল লটারি পরিচালনার সময় ভর্তি কমিটির সদস্যদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের পাশাপাশি অপেক্ষমাণ তালিকাও প্রকাশ করা হবে।
নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীরা ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে ক্রমানুসারে অন্যদের ভর্তির সুযোগ দেওয়া হবে বলেও নীতিমালায় উল্লেখ আছে।
এএইচ



