দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে মাদক ও ইভটিজিং প্রতিরোধে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। কমিটিতে শিক্ষক, অভিভাবক, স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে হবে।
বিষয়টি নিশ্চিত করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন পাঠানোর সময়সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) মাউশির এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি অধিদফতরের সব অঞ্চলের পরিচালক, বিভিন্ন কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটির গত ৫ নভেম্বর অনুষ্ঠিত মাসিক সভায় গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠন করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, কমিটি গঠনের পর তিন কার্যদিবসের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন [email protected] ই-মেইল ঠিকানায় পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করতে হবে।
এম/এএইচ



