বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

সরকারের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর ময়মনসিংহ বিভাগীয় পর্ব। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ময়মনসিংহের মুক্তাগাছা সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগের চার জেলার ১৫টি কলেজের ৫১৯ জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। মোট ৫৭টি ইভেন্টে শিক্ষার্থীরা নিজেদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করবেন। আগামী ৮ নভেম্বর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভাগীয় পর্বের সমাপ্তি হবে। এ পর্বের বিজয়ীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি বলেন, খেলাধুলা একজন শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা, সহমর্মিতা ও দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলে। খেলাধুলার মাধ্যমে একজন ব্যক্তি যেমন নিজের পরিবার ও দেশকে গৌরবান্বিত করতে পারেন, তেমনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য উজ্জ্বল ও স্মরণীয় অর্জন বয়ে আনতে পারেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী  খেলাধুলার প্রতি অত্যন্ত আগ্রহী এবং এ খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা দপ্তরের পরিচালক মো. জসিম উদ্দিন, মুক্তাগাছার শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ছফির উদ্দিন, ময়মনসিংহ আনন্দমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম শামসুজ্জামান, মুক্তাগাছার উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণচন্দ্র, মুক্তাগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুর রহমান খান, মুক্তাগাছা শহর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম এবং সরকারি শারীরিক শিক্ষা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ  মো. মাহতাব উদ্দিন।

এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর