সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঢাবির জগন্নাথ হল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০৩:২৭ এএম

শেয়ার করুন:

ঢাবির জগন্নাথ হল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল থেকে অর্ক সাহা নামের নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন হলের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (১ নভেম্বর) হলের ক্যান্টিনে খাবার খেতে গেলে তাকে আটক করা হয়। পরে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অর্ক সাহা প্রায়ই জগন্নাথ হলে যাতায়াত করতেন। রোববার হলের ক্যান্টিনে খাবার খেতে নামলে ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা তাকে দেখতে পান। পরে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল গণমাধ্যমকে বলেন, ‘ছাত্রলীগের পদধারী কারও নামেই হলে সিট বরাদ্দ নেই। তাদের সবার সিট আগেই বাতিল করা হয়েছে। সে (অর্ক সাহা) মাঝেমধ্যে হলে যাতায়াত করত বলে জানা গেছে। আজ তাকে দেখতে পেয়ে শিক্ষার্থীরা আটক করে।’

তিনি আরও বলেন, ‘হলে এ ধরনের আরও কেউ অবৈধভাবে অবস্থান করছে কি না, সে বিষয়টি প্রশাসন গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ঘটনার বিষয়ে জগন্নাথ হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ধ্রুব রায় বলেন, দীর্ঘদিন ধরে অর্ক সাহা রাতে হলে লুকিয়ে অবস্থান করছিলেন। রোববার দিনের বেলায় তাকে দেখতে পেয়ে আটক করে অন্যদের খবর দেই।

ধ্রুব রায় জানান, পরে সেখানে জগন্নাথ হল ছাত্রদলের সদস্যসচিব প্রসেনজিৎ বিশ্বাস এবং যুগ্ম আহ্বায়ক প্রতীক কুমার নন্দী ও প্রান্ত পাল উপস্থিত হন। এ সময় অর্ক সাহাকে আটক করে হল প্রশাসন ও প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সম্প্রতি জগন্নাথ হলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় অর্ক সাহা জড়িত থাকতে পারেন বলেও অভিযোগ করেন ধ্রুব রায়। তবে এ অভিযোগের বিষয়ে স্বতন্ত্র কোনো তথ্য বা পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

সার্বিক বিষয়ে জানতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তার সাড়া পাওয়া যায়নি।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর