শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ঢাকা

সাত বছরের মধ্যে সর্বনিম্ন পাস রাজশাহী বোর্ডে, ৩২ প্রতিষ্ঠানের সবাই ফেল

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০২:২২ পিএম

শেয়ার করুন:

সাত বছরের মধ্যে সর্বনিম্ন পাস রাজশাহী বোর্ডে, ৩২ প্রতিষ্ঠানের সবাই ফেল

সাত বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার দেখেছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ২০২০ সালে শতভাগ পাসের হার থাকলেও পরবর্তী বছরগুলোতে তা ধারাবাহিকভাবে কমেছে। ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এ বোর্ডে পাস করেছেন মাত্র ৪৫ দশমিক ০৬ শতাংশ শিক্ষার্থী। গত বছরের তুলনায় পাসের হার কমেছে ১৪ দশমিক ৩৪ শতাংশীয় পয়েন্ট। শুধু তা-ই নয়, এবার বোর্ডের ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরপর রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. ইফফাত জেরীন সংবাদ সম্মেলনে বোর্ডের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

বোর্ডের প্রকাশিত সাত বছরের তুলনামূলক পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ১০০ শতাংশ। ২০২১ সালে তা ছিল ৯৭ দশমিক ২৯ শতাংশ। ২০২২ সালে কমে দাঁড়ায় ৮১ দশমিক ৬০ শতাংশে। ২০২৩ সালে পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৬ শতাংশ। পরের বছর, অর্থাৎ ২০২৪ সালে তা কিছুটা বেড়ে ৮১ দশমিক ২৪ শতাংশ হয়। কিন্তু ২০২৫ সালে পাসের হার কমে দাঁড়ায় ৫৯ দশমিক ৪০ শতাংশে। এবার তা আরও কমে হয়েছে ৪৫ দশমিক ০৬ শতাংশ।

অর্থাৎ, গত দুই বছর ধরে বোর্ডটির পাসের হারে ধারাবাহিক পতন হচ্ছে। ২০২৪ সালের তুলনায় দুই বছরে পাসের হার কমেছে ৩৬ দশমিক ১৮ শতাংশীয় পয়েন্ট। আর ২০২০ সালের শতভাগ পাসের হারের তুলনায় এবার তা কমেছে ৫৪ দশমিক ৯৪ শতাংশীয় পয়েন্ট।

শিক্ষার্থীদের ফলাফলে নারী ও পুরুষের মধ্যেও ব্যবধান দেখা গেছে। বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, এবার ছাত্রীদের পাসের হার ৩৭ দশমিক ৯১ শতাংশ। অন্যদিকে ছাত্রদের পাসের হার ৫০ দশমিক ০৩ শতাংশ। অর্থাৎ, ছাত্রীদের তুলনায় ছাত্রদের পাসের হার ১২ দশমিক ১২ শতাংশীয় পয়েন্ট বেশি।

আরও পড়ুন

দিনাজপুর বোর্ডের যে ৪৯ কলেজ পাসের মুখ দেখেনি

প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলেও রয়েছে উদ্বেগজনক চিত্র। বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য। অর্থাৎ, এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। অন্যদিকে শতভাগ পাসের হার অর্জন করেছে মাত্র ৯টি প্রতিষ্ঠান।

জাতীয় ফলাফলের তুলনায়ও পিছিয়ে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। এবার সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। সেখানে রাজশাহী বোর্ডের পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ। জাতীয় গড়ের চেয়ে এ বোর্ডের পাসের হার ৭ দশমিক ০৬ শতাংশীয় পয়েন্ট কম।

সব মিলিয়ে রাজশাহী বোর্ডের এবারের ফলাফলে পাসের হার, ছাত্রীদের ফলাফল এবং প্রতিষ্ঠানভিত্তিক সাফল্য—তিন ক্ষেত্রেই উদ্বেগের চিত্র উঠে এসেছে। বিশেষ করে টানা দুই বছর পাসের হার কমা এবং ৩২টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ না হওয়ার বিষয়টি শিক্ষার মান, পাঠদান ও প্রতিষ্ঠানগুলোর একাডেমিক ব্যবস্থাপনা পর্যালোচনার প্রয়োজনীয়তা সামনে এনেছে।

রাজশাহী শিক্ষা বোর্ডে এমন ফল বিপর্যয়ের কারণ জানতে চাইলে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. ইফফাত জেরীন বলেন, “সারা দেশে এবার অন্য বছরের তুলনায় ফলাফল খারাপ হয়েছে। রাজশাহী বোর্ডে এমন কেন হলো, তা বিশ্লেষণ না করা পর্যন্ত বলা যাচ্ছে না।”

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর