জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ ও ইনকোর্স নম্বর এন্ট্রির কার্যক্রম চলবে।
বুধবার (২৮ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে আবেদন ফরম পূরণ করে কলেজে জমা দিতে পারবেন। একই সময়ের মধ্যে কলেজ কর্তৃপক্ষকে ইনকোর্স নম্বর এন্ট্রি এবং শিক্ষার্থীদের তথ্য নিশ্চয়নের কাজ সম্পন্ন করতে হবে।
অন্যদিকে, পরীক্ষার ফি সোনালী সেবার মাধ্যমে জমা দেওয়া যাবে আগামী ৪ ও ৫ নভেম্বর। এ সময়ের মধ্যে কলেজ কর্তৃপক্ষকে ফি জমাসহ সংশ্লিষ্ট কার্যক্রম শেষ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব কলেজ ফরম পূরণ, শিক্ষার্থীদের তথ্য নিশ্চয়ন, পে-স্লিপ ডাউনলোড ও সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমাসহ প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারেনি, তারাও বর্ধিত সময়ের মধ্যে এসব কার্যক্রম শেষ করার সুযোগ পাবে।
নির্ধারিত সময়সীমা শেষ হলে ফরম পূরণসংক্রান্ত সব কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তাই শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে আগের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।
এম/এএস




