সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

'ঢাকা মেইল’-এর সংবাদে কমলো নোবিপ্রবির সমাবর্তন ফি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, নোবিপ্রবি
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পিএম

শেয়ার করুন:

'ঢাকা মেইল’-এর সংবাদে কমলো নোবিপ্রবির সমাবর্তন ফি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তনের নিবন্ধন ফি ১ হাজার টাকা কমিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

সোমবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. তামজিদ হোসাইন চৌধুরী স্বাক্ষরিত এক সংশোধিত বিজ্ঞপ্তিতে নতুন ফি নির্ধারণ করা হয়। এর আগে এ বিষয়ে গত ৯ অক্টোবর ‘ঢাকা মেইল’-এ সংবাদ প্রকাশ হয়। 

সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, স্নাতক, স্নাতকোত্তর, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ও প্রফেশনাল মাস্টার্স ডিগ্রির জন্য নিবন্ধন ফি ৫ হাজার টাকা থেকে কমিয়ে ৪ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে, স্নাতক ও স্নাতকোত্তর বা সংশ্লিষ্ট ডিগ্রি একসঙ্গে গ্রহণের ক্ষেত্রে নিবন্ধন ফি ৬ হাজার টাকা থেকে কমিয়ে ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাবর্তন কমিটির সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আগে নির্ধারিত নিবন্ধন ফি ও অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত সংশোধন করা হয়েছে।

এর আগে গত ৮ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন তৃতীয় সমাবর্তনের নিবন্ধন ফি ঘোষণা করে। তখন স্নাতক, স্নাতকোত্তর, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ও প্রফেশনাল মাস্টার্স ডিগ্রির জন্য ৫ হাজার টাকা এবং স্নাতক ও স্নাতকোত্তর বা সংশ্লিষ্ট ডিগ্রি একসঙ্গে গ্রহণের ক্ষেত্রে ৬ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়। ঘোষণার পর থেকেই ফি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। 

এ অবস্থায় ৯ অক্টোবর শিক্ষার্থীদের দাবি তুলে ধরে সংবাদ প্রকাশ করে ‘ঢাকা মেইল’।

ওই সংবাদে শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়জীবনের অন্যতম কাঙ্ক্ষিত ও আবেগঘন মুহূর্ত সমাবর্তন। তবে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশের অপেক্ষায় থাকা অনেক শিক্ষার্থীর পক্ষে একসঙ্গে ৫ থেকে ৬ হাজার টাকা ব্যয় করা কঠিন। এ কারণে সমাবর্তনের নিবন্ধন ফি যৌক্তিক পর্যায়ে কমানোর দাবি জানান তারা।

সংশোধিত বিজ্ঞপ্তিতে সমাবর্তনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকদের উপস্থিতি নিয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, সমাবর্তনের দিন অভিভাবকদের ক্যাম্পাসে আসতে কোনো বাধা নেই। অনুষ্ঠান চলাকালে তারা বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে অবস্থান করে স্ক্রিনের মাধ্যমে সরাসরি সমাবর্তন উপভোগ করতে পারবেন।

অভিভাবকদের জন্য আলাদা নিবন্ধনের প্রয়োজন হবে না। তবে ক্যাম্পাসে প্রবেশের সময় শিক্ষার্থীদের গাউন সংগ্রহের পাশাপাশি বিনা মূল্যে ‘অভিভাবক পাস’ সংগ্রহ করতে হবে।

উল্লেখ্য, নোবিপ্রবির তৃতীয় সমাবর্তন আগামী ২৪ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর