ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি)২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচির প্রাথমিক সিদ্ধান্ত জানিয়েছে ভর্তি কমিটি। গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার জন্য ১৯, ২০ ও ২৭ মার্চ এবং বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের জন্য ২৯ মার্চ তারিখ বিবেচনায় রাখা হয়েছে জানায় কমিটি।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে উপাচার্যের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় এসব তারিখ নিয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমানসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা।
সভায় ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ, কেন্দ্র ব্যবস্থাপনা, পরীক্ষা গ্রহণের প্রস্তুতি এবং সার্বিক ভর্তি কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষার তারিখ চূড়ান্ত করার ক্ষেত্রে কেন্দ্রীয় নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার বিষয়ে একমত হন সংশ্লিষ্টরা।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৯ থেকে ২৭ মার্চের মধ্যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। এর সঙ্গে সমন্বয় রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য পরীক্ষার তারিখগুলো বিবেচনা করা হয়েছে। পাশাপাশি স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের পরীক্ষা ২৯ মার্চ আয়োজনের প্রাথমিক পরিকল্পনা রয়েছে।
ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, গুচ্ছের কেন্দ্রীয় কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ও বিস্তারিত সময়সূচি আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তাই প্রাথমিকভাবে নির্ধারিত তারিখগুলোতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
প্রতিনিধি/এসএস




