১৯তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় অংশগ্রহণকারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চার শতাধিক শিক্ষার্থীর যাতায়াতের সুবিধার্থে বাসের ব্যবস্থা করার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
রোববার (২৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পরিবহন প্রশাসক বরাবর পৃথক আবেদন জমা দিয়ে এ দাবি জানায় সংগঠনটি। আবেদনে স্বাক্ষর করেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ ও সদস্যসচিব রাফিজ আহমেদ।
আবেদনে বলা হয়, আগামী শনিবার (৩১ অক্টোবর) ১৯তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী অংশ নেবেন। এসব শিক্ষার্থী দেশের বিচার বিভাগে মেধাবী ও যোগ্য বিচারক তৈরিতে ধারাবাহিকভাবে অবদান রেখে চলেছেন। ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের আইন-সংশ্লিষ্ট বিভাগগুলোর ১৯ জন শিক্ষার্থী সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এ অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরব ও অনুপ্রেরণার বিষয় বলে আবেদনে উল্লেখ করা হয়।
আবেদনে আরও বলা হয়, পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের জন্য পর্যাপ্ত পরিবহনব্যবস্থা নিশ্চিত করা জরুরি। ব্যক্তিগত উদ্যোগে যাতায়াত করতে গেলে শিক্ষার্থীদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। পাশাপাশি যানজটের কারণে নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে না পারার আশঙ্কাও থাকে।
দীর্ঘদিনের প্রস্তুতি ও কঠোর পরিশ্রমের পর পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা গুরুত্বপূর্ণ উল্লেখ করে আবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরিবহন সহায়তা দেওয়া হলে শিক্ষার্থীদের ভোগান্তি ও আর্থিক চাপ কমবে। এতে তারা মানসিক স্বস্তি নিয়ে পরীক্ষায় অংশ নিতে পারবেন।
আবেদনে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু শিক্ষার্থীদের পাঠদান ও সনদ প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়; তাদের মেধা, যোগ্যতা ও ভবিষ্যৎ কর্মজীবনের বিকাশেও প্রয়োজনীয় সহযোগিতা করা প্রতিষ্ঠানের দায়িত্ব। বিচারক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার প্রতিযোগিতামূলক যাত্রায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের জন্য কার্যকর ও অনুপ্রেরণাদায়ক হবে।
প্রতিনিধি/এসএস




