জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বটতলা এলাকার সুজন হোটেলের কর্মচারীদের গাঁজা প্রস্তুত ও সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শেরে বাংলা এ কে ফজলুল হক হল প্রশাসন।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে হোটেলটিতে তিন থেকে চারজনের উপস্থিতিতে গাঁজা প্রস্তুত ও সেবনের ঘটনা ঘটে বলে জানা গেছে। বিষয়টি জানতে পেরে রাত ২টার দিকে হোটেলে যান মালিক সুজন। পরে কর্মচারীদের দোকান থেকে বের করে দেন তিনি।
সুজন বলেন, ‘তাদের গাঁজা সেবনের আলামত পাই। পরে তাদের ঘাড় ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দিই। আমি তাদের দিয়ে আর কাজ করাই না।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হালিম বলেন, ‘আমি ভিডিওটি দেখেছি। দোকানটি শেরে বাংলা এ কে ফজলুল হক হল প্রশাসনের আওতাধীন। হলের প্রভোস্টকে বিষয়টি জানিয়েছি এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছি।’
শেরে বাংলা এ কে ফজলুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম প্রান্তিক বলেন, ‘এই হোটেলে এর আগেও গাঁজা সেবন ও নিম্নমানের খাবার পরিবেশনসহ বিভিন্ন অভিযোগে মালিককে সতর্ক করা হয়েছিল। এবার ভিডিওতে কর্মচারীদের গাঁজা প্রস্তুত করতে দেখা যাচ্ছে। ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করেছি। উপযুক্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
প্রতিনিধি/ এজে




