প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পরিচ্ছন্নতা ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন শাখা ছাত্রদলের ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন।
শনিবার (২৪ অক্টোবর) আয়োজিত কর্মসূচিটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু হয়।
পরে মুক্তমঞ্চ, দ্বিতীয় ক্যাফেটেরিয়া, বিজ্ঞান অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি ক্যাম্পাসের পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।
এসময় জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব রাখতে ছাত্রদলের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলা এবং পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শাখা ছাত্রদলের ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন বলেন, ‘এই ক্যাম্পাস আমাদের সবার। তাই নিজেদের জায়গা নিজেরাই পরিষ্কার রাখার দায়িত্ব নিতে হবে। আমরা চাই, সবাই মিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আরও সুন্দর ও সবুজ করে তুলতে এবং এ ধরনের ভালো কাজে শিক্ষার্থীদের পাশে পেতে।’
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, যত্রতত্র ময়লা না ফেলা এবং সবুজ পরিবেশ গড়ে তোলার বিষয়ে সচেতনতা তৈরির আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান তুহিন, নুরনবী, তৌহিদ চৌধুরী, বাবলি আক্তার, মুজাম্মেল মামুন ডেনি ও রাকিবুল ইসলাম।
এছাড়া আহ্বায়ক সদস্য ও পরিবহন সম্পাদক মাহিদ হোসেন এবং আহ্বায়ক সদস্য আকাশ, মেরাজ হোসেন, রাজিব, সবুজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এএইচ



