জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে অংশ নিতে নিবন্ধন শুরুর ১০ দিনে ৪ হাজার ১১৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে। আগামী ২৩ জানুয়ারি সমাবর্তন আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
গত ১২ অক্টোবর থেকে সমাবর্তনে অংশগ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন কার্যক্রম শুরু হয়। আগ্রহী গ্র্যাজুয়েটরা আগামী ১২ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।
এজন্য নিবন্ধন ফি ৪ হাজার টাকা এবং সনদ ফি ৮০০ টাকা নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নিবন্ধনসংক্রান্ত তথ্য অনুযায়ী, এ পর্যন্ত নিবন্ধন করা ৪ হাজার ১১৫ জনের মধ্যে ১ হাজার ৪৯৩ জন ফি পরিশোধ করেছেন।
সে হিসাবে নিবন্ধিতদের মধ্যে প্রায় ৩৬ শতাংশ শিক্ষার্থী নিবন্ধন ফি দিয়েছেন।
সমাবর্তনের সূচি অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর আবেদন যাচাই-বাছাই করা হবে। এরপর ২৩ জানুয়ারি সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত তথ্যে সমাবর্তনে অংশগ্রহণের যোগ্য গ্র্যাজুয়েটের সংখ্যা ৪৬ লাখ ৩ হাজার ৪৮২ জনের বেশি উল্লেখ করা হয়েছে।
তবে তাদের মধ্যে কতজন সমাবর্তনে অংশ নিতে নিবন্ধন করবেন, তা জানা যাবে নিবন্ধনের সময়সীমা শেষ হওয়ার পর।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, ১৬টি ক্যাটাগরিতে শিক্ষার্থী ও গবেষকেরা সমাবর্তনে অংশ নিতে নিবন্ধন করতে পারবেন। এ জন্য বিভিন্ন ডিগ্রি ও পরীক্ষার পাসের বছর অনুযায়ী যোগ্যতার শর্ত নির্ধারণ করা হয়েছে।
যেসব শিক্ষার্থী ও গবেষকেরা নিবন্ধন করতে পারবেন
স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) ডিগ্রিধারীরা ২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে পাস করে থাকলে নিবন্ধন করতে পারবেন। মাস্টার্স ফাইনাল, বিবিএ, এমএড, বিএসসি ইন সিএসই, এলএলবি ফাইনাল, বিএফএ অনার্স ও বিএফএ পাস ডিগ্রির ক্ষেত্রে পাসের বছর ২০১৩ থেকে ২০২৩ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এমবিএ ডিগ্রিধারীদের ক্ষেত্রে পাসের বছর ২০১৩ থেকে ২০২২।
এ ছাড়া বিএড অনার্সের ক্ষেত্রে ২০১৪ থেকে ২০২৩, বিএসসি ইন ইইইর ক্ষেত্রে ২০১২ থেকে ২০২৩ এবং এমএসসি ইন সিএসইর ক্ষেত্রে ২০১১ থেকে ২০২২ সালের মধ্যে পাস করা শিক্ষার্থীরা নিবন্ধনের সুযোগ পাবেন।
বিবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিগ্রিধারীদের পাসের বছর ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত। বিবিএ অনার্স ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে পাস করা শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবেন। অনার্স ইন থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজের ক্ষেত্রে পাসের বছর ২০১৯ থেকে ২০২২।
বিবিএ অনার্স ইন এফডিটি, বিবিএ অনার্স ইন এএমটি, বিবিএ অনার্স ইন কেএমটি এবং এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিগ্রির ক্ষেত্রে ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে পাস করা শিক্ষার্থীরা যোগ্য বিবেচিত হবেন।
মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্টের ক্ষেত্রে পাসের বছর ২০১৬ থেকে ২০২৩ এবং মাস্টার্স ইন মিডিয়া অ্যান্ড জার্নালিজমের ক্ষেত্রে ২০২০ থেকে ২০২৩ নির্ধারণ করা হয়েছে। এমপিএড ডিগ্রিধারীদের ক্ষেত্রে পাসের বছর ২০২০ থেকে ২০২৩ এবং এমএসএড (MSEd) ডিগ্রিধারীদের ক্ষেত্রে ২০১০ থেকে ২০২৪।
অন্যদিকে, অন-ক্যাম্পাস এমএএস (MAS)/এএমবিএ (AMBA) ডিগ্রিধারীরা ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে পাস করে থাকলে নিবন্ধন করতে পারবেন। এমফিল (MPhil) ও পিএইচডি (PhD) পর্যায়ের আওতাভুক্ত গবেষকদের জন্যও ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত যোগ্যতা অনুযায়ী আগ্রহী গ্র্যাজুয়েট ও গবেষকেরা আগামী ১২ নভেম্বর পর্যন্ত অনলাইনে নিবন্ধন করতে পারবেন।
এম/এএম




