২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের বৃত্তির তালিকা প্রকাশ শুরু করেছে শিক্ষা বোর্ডগুলো। গত ১ অক্টোবর থেকে পর্যায়ক্রমে এ তালিকা প্রকাশ করা হচ্ছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) পর্যন্ত দেশের ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে সাতটি বোর্ড বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে।
সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইটে বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়েছে। বাকি বোর্ডগুলোর তালিকাও শিগগির প্রকাশ করা হবে বলে জানা গেছে।
এসএসসি পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের মধ্য থেকে সরকারি নীতিমালা ও নির্ধারিত কোটা অনুযায়ী বৃত্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীরা দুই ধরনের বৃত্তি পাবেন। এগুলো হলো মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি।
মেধাবৃত্তির জন্য নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থী মাসে ৬০০ টাকা করে পাবেন। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৩৫০ টাকা করে পাবেন।
মাসিক অর্থের পাশাপাশি বইপত্র ও শিক্ষাসামগ্রী কেনার জন্য বার্ষিক অনুদানও দেওয়া হবে। এ ক্ষেত্রে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বছরে এককালীন ৯০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ৪৫০ টাকা করে পাবেন।
সেই হিসাবে একজন মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ১২ মাসে বৃত্তি ও বার্ষিক অনুদান মিলিয়ে মোট ৮ হাজার ১০০ টাকা পাবেন। আর সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী একই সময়ে পাবেন ৪ হাজার ৬৫০ টাকা।
এসএসসি পাসের পর উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে এ বৃত্তি প্রদান করা হয়। বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে ফলাফল জানতে পারবেন।
এমএইচ/এআরএম




