বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা

ইবিতে নির্মাণাধীন হলের মাচা ভেঙে শ্রমিক আহত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পিএম

শেয়ার করুন:

ইবিতে নির্মাণাধীন হলের মাচা ভেঙে শ্রমিক আহত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নির্মাণাধীন ছাত্র হল-২ এর দেয়ালে প্লাস্টারের কাজ করার সময় বাঁশের মাচা ভেঙে চারতলা থেকে পড়ে এক শ্রমিক আহত হয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভবনটির দেয়ালে বাঁশের মাচায় ঝুলে প্লাস্টারের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় বাঁশের বাঁধন ছুটে মাচা ভেঙে গেলে দুই শ্রমিক চতুর্থ তলা থেকে নিচে পড়ে যান। অন্য শ্রমিকেরা বাঁশের সঙ্গে ঝুলে থাকেন। এতে রসূল নামের এক শ্রমিক আহত হন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, অন্য শ্রমিকেরা সুস্থ আছেন।

এদিকে নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের কারও শরীরে নিরাপত্তাবেল্ট বা মাথায় হেলমেট ছিল না। শ্রমিকদের অভিযোগ, কাজের জন্য তাদের প্রয়োজনীয় নিরাপত্তাসামগ্রী দেওয়া হয়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, নিরাপত্তাসামগ্রী থাকলেও শ্রমিকেরা নিজেদের সুবিধার্থে সেগুলো ব্যবহার করেন না।

নির্মাণাধীন ভবনের কয়েকজন শ্রমিক জানান, মাচায় বাঁশ কম বাঁধা থাকায় হঠাৎ সেটি ভেঙে যায়। এতে দুজন শ্রমিক নিচে পড়ে যান এবং অন্যরা বাঁশের সঙ্গে ঝুলে থাকেন। তারা আরও জানান, কাজের সময় তাদের নিরাপত্তার জন্য কোনো সরঞ্জাম দেওয়া হয়নি।

প্রকল্প প্রকৌশলী মুন্না আহমেদ বলেন, ‘আহত শ্রমিককে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি তেমন গুরুতর আহত হননি। নিরাপত্তার বিষয়ে শ্রমিকেরা কখনো কোনো অভিযোগ করেননি। নিরাপত্তার জন্য সরঞ্জাম থাকলেও শ্রমিকেরা ব্যবহার করছেন না। তাদের নিরাপত্তার বিষয়ে নিয়মিত সচেতন করা হয়।’

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আব্দুল মালেক মিয়া বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি একাধিকবার জানানো হয়েছে এবং চিঠি দেওয়া হয়েছে। কিন্তু শ্রমিকেরা এসব মানছেন না। এ বিষয়ে পরবর্তী সময়ে আমরা আরও কঠোর সিদ্ধান্ত নেব।’

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর