বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

মায়ের চিকিৎসায় ২০ লাখ টাকা প্রয়োজন, সহযোগিতা চান ইবি শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০২:২৬ পিএম

শেয়ার করুন:

মায়ের চিকিৎসায় ২০ লাখ টাকা প্রয়োজন, সহযোগিতা চান ইবি শিক্ষার্থী
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী মো. শাহরিয়ার হোসেন।

লিভার সিরোসিসে আক্রান্ত মায়ের চিকিৎসা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী মো. শাহরিয়ার হোসেন। মায়ের লিভার প্রতিস্থাপনের জন্য প্রয়োজন প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকা। এই ব্যয় বহন করার সামর্থ্য না থাকায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি ও তার পরিবার। মায়ের চিকিৎসায় সহযোগিতার জন্য সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে আবেদন জানিয়েছেন শাহরিয়ার।

শাহরিয়ার ইবির এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি কুষ্টিয়া পৌরসভার মিলপাড়ার মোহিনী মোহন চক্রবর্তী সড়কে। বাবাহীন সংসারে মা, ভাইবোন ও নানিকে নিয়ে তাদের পরিবার। টিউশনি করে পাওয়া সামান্য আয়ই পরিবারের অন্যতম ভরসা।

পরিবার সূত্রে জানা যায়, গত আগস্টের শুরুতে দুর্বলতা ও শ্বাসকষ্ট নিয়ে শাহরিয়ারের মাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় ফ্যাটি লিভারজনিত (ম্যাস) লিভার সিরোসিস ধরা পড়ে। পরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, বারডেম ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলে।

গত ২৭ আগস্ট রক্তবমি, কালো পায়খানা ও পেট ফোলার উপসর্গ নিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন তিনি। লিভার সিরোসিসের পাশাপাশি তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাইপোথাইরয়েডিজম ও অ্যাজমায় ভুগছেন। সর্বশেষ অক্টোবরের শুরুতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে তার লিভার প্রতিস্থাপন প্রয়োজন।

শাহরিয়ার বলেন, “বাবা না থাকায় সংসারের সব খরচ আমার ও আমার বোনের টিউশনির টাকা দিয়ে চলছে। এই মুহূর্তে মায়ের চিকিৎসার জন্য এত টাকা বহন করার সামর্থ্য আমাদের নেই। হাসপাতাল থেকে জানানো হয়েছে, অস্ত্রোপচারের খরচ সরকার বহন করলেও আনুষঙ্গিক অন্যান্য ব্যয় পরিবারকে বহন করতে হবে। এ জন্য আনুমানিক ১৫ থেকে ২০ লাখ টাকা প্রয়োজন। এই বিপুল অর্থ জোগাড় করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না।”

তিনি আরও বলেন, “মায়ের জীবন বাঁচাতে সময়মতো লিভার প্রতিস্থাপন অত্যন্ত জরুরি। আমরা নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে মায়ের চিকিৎসা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু চিকিৎসার ব্যয় আমাদের সামর্থ্যের বাইরে। তাই সবার সহযোগিতা প্রয়োজন।”

মায়ের চিকিৎসায় সহযোগিতা পাঠানোর জন্য শাহরিয়ার বিকাশ ও নগদের একটি নম্বর এবং ব্যাংক হিসাবের তথ্য দিয়েছেন।

সহযোগিতা পাঠানোর তথ্য

বিকাশ/নগদ: ০১৯০৯-৩৯৫৫৬৬

ব্যাংক: ডাচ্‌-বাংলা ব্যাংক

হিসাব নম্বর: ১৬৮১০৫০৪০৭৪৯৫

রাউটিং নম্বর: ০৯০৫০০৯৪৯

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর