বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

জবিতে পশু জবাইয়ে নিষেধাজ্ঞা, মানতে নারাজ শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পিএম

শেয়ার করুন:

জবিতে পশু জবাইয়ে নিষেধাজ্ঞা, মানতে নারাজ শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এ নির্দেশনা মানতে নারাজ সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ক্যাম্পাসে গরু জবাই ও গরুভোজের আয়োজন করার ঘোষণাও দিয়েছেন তাদের কেউ কেউ।

বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়। 

নির্দেশনা অমান্য করলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গণবিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ নির্দেশনার প্রতিক্রিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সমাজসেবা ও ছাত্রকল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তার ফেসবুক পোস্টে লেখেন, ‘৯২ ভাগ মুসলিমের দেশের একটি বিশ্ববিদ্যালয়ে গরু জবাই নিষিদ্ধ করে উপাচার্য কাকে খুশি করতে চান? আপনার এসব দালালি পাশের দেশে গিয়ে করেন। আগামীকালই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু কোরবানি হবে, ইনশাআল্লাহ। ডিসিশন ফাইনাল।

বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আকাশও ক্যাম্পাসে গরু জবাই ও গরুভোজের আয়োজন করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘পূজার আগেই শিক্ষার্থীরা ক্যাম্পাসে গরু নিয়ে মিছিল করে জবাই করে গরুভোজের আয়োজন করবে, ইনশাআল্লাহ। পারলে প্রশাসন ঠেকিয়ে দেখাক।’

এর আগে গত ১২ অক্টোবর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা গরুর মাংসের খিচুড়ি রান্নার আয়োজন করেন। ওই স্থানের পাশে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির থাকায় সেখানে গরুর মাংস রান্নার মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে বলে অভিযোগ তোলেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের একাংশ।

তবে এ অভিযোগ নাকচ করেন অন্য শিক্ষার্থীরা। তাদের দাবি, ক্যাম্পাসে একজন শিক্ষার্থী কী খাবেন, তা কোনো একক গোষ্ঠী বা প্রতিষ্ঠান নির্ধারণ করে দিতে পারে না। এ ঘটনাকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে ক্যাম্পাসে পক্ষে-বিপক্ষে আলোচনা ও বিতর্ক চলছে।

এ পরিস্থিতির মধ্যেই ক্যাম্পাসে পশু জবাই বন্ধে বিজ্ঞপ্তি জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের এ নির্দেশনার বিষয়ে অবগত করা হয়।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর