মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

কীটনাশক পানে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

বিশেষ প্রতিনিধি, শাবিপ্রবি
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পিএম

শেয়ার করুন:

কীটনাশক পানে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

কীটনাশক পান করার ৯ দিন পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।

মারা যাওয়া শিক্ষার্থীর নাম শাহরিয়ার বাঁধন (২১)। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি টিলারগাঁও এলাকার একটি মেসে থাকতেন তিনি।

মঙ্গলবার বিকেলে বাঁধনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শাবিপ্রবির রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইকবাল আহমেদ সিদ্দিকী।

রসায়ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক তরুণীর সঙ্গে বাঁধনের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার রাতে ওই তরুণী ও তাঁর এক আত্মীয়ের সঙ্গে মুঠোফোনে বাঁধনের কথা কাটাকাটি হয়। এ নিয়ে তাঁদের মধ্যে মান-অভিমান তৈরি হয়েছিল বলে জানা গেছে।

বাঁধনের সহপাঠীদের ভাষ্য, গত ৪ অক্টোবর রাত ১১টার দিকে টিলারগাঁওয়ের মেসে থাকা অবস্থায় কীটনাশক পান করেন বাঁধন। প্রথমে বিষয়টি সহপাঠীদের জানাননি বাঁধন। পরে রাত সাড়ে ১২টার দিকে তাঁরা বিষয়টি জানতে পারেন। এরপর সহপাঠী ও শিক্ষক-শিক্ষার্থীরা তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

হাসপাতালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে ৩৩ নম্বর ওয়ার্ড থেকে আইসিইউতে স্থানান্তর করেন। সেখানে ৯ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার তাঁর মৃত্যু হয়।

অধ্যাপক ড. ইকবাল আহমেদ সিদ্দিকী বলেন, যতটুকু জানি যবিপ্রবির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কের কলহ থেকেই বাঁধন বিষপান করেছে। প্রায় তিন মাস আগেও একবার সে ইঁদুর মারার বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছিল। সে সময় চার-পাঁচদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর