মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৬ শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পিএম

শেয়ার করুন:

ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৬ শিক্ষার্থী আহত
ঢাবি শিক্ষকের সেই গাড়িটি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানটির এক শিক্ষকের প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছয়জন শিক্ষার্থী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

আহত শিক্ষার্থীরা হলেন- জাহিদুল ইসলাম হৃদয়, কানিজ ফাতেমা, তাসনিয়া বেগম, মিফতাহুল, তাসফিয়া তাবাসসুম ও সিদরাতুল। ঘটনার পর তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, গাড়িটি চালাচ্ছিলেন ঢাবির ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদমান সাকিব। তিনি ঢাবির গণিত বিভাগের শিক্ষক ড. মো. শহিদুল ইসলামের ছেলে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে প্রথমবারের মতো গাড়ি চালানো শেখার জন্য বাবার প্রাইভেটকার নিয়ে একাই ক্যাম্পাসে বের হন সাদমান। একপর্যায়ে বিজনেস স্টাডিজ অনুষদের সামনে পৌঁছালে তিনি গাড়িটির নিয়ন্ত্রণ হারান। এ সময় রাস্তায় চলাচলরত মার্কেটিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একদল শিক্ষার্থীর ওপর গাড়িটি উঠে গেলে ছয়জন আহত হন।

দুর্ঘটনার পর সাদমান সাকিবকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। প্রক্টরদের হেফাজতে আছেন।

এদিকে সহপাঠীদের আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। অভিযুক্ত সাদমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা প্রক্টর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে নানা স্লোগান দেন।

এ ঘটনাকে কেন্দ্র করে ঢাবির প্রক্টর কার্যালয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এখনো সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর