জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (৫০তম ব্যাচ) নিখোঁজ শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলামের সন্ধান মিলেছে। সোমবার সন্ধ্যায় কুমিল্লার দাউদকান্দিতে তাকে পাওয়া গেছে। বর্তমানে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোহাইমিনুলের সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। দ্রুততম সময়ের মধ্যে তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসা হবে। তাকে খুঁজে বের করতে সহযোগিতা করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাকে খুঁজে পেতে অব্যাহত প্রচেষ্টার জন্য শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের ধন্যবাদ জানানো হয়েছে।
গত রোববার (১১ অক্টোবর) মোহাইমিনুলের আবাসিক কক্ষ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, ওই দিন বিকেল ৩টা ৮ মিনিটে তিনি মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে ঢাকাগামী বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি বাসে ওঠেন। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে এবং চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
প্রতিনিধি/এলএ




