বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি আগামী এক সপ্তাহের মধ্যে প্রকাশের দাবি জানিয়েছেন নিবন্ধনপ্রত্যাশীরা। একই সঙ্গে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষক নিবন্ধন পরীক্ষা আলাদাভাবে নেওয়ার দাবিও জানিয়েছেন তারা।
রোববার (১১ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘৯ম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী বাংলাদেশ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এমন দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় তিন বছর ধরে শিক্ষক নিবন্ধন পরীক্ষার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় অসংখ্য শিক্ষিত বেকার ও চাকরিপ্রত্যাশী অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। নিয়মিত পরীক্ষা না হওয়ায় চাকরিপ্রত্যাশীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। পাশাপাশি বয়স বেড়ে যাওয়ায় অনেকেই চাকরির সুযোগ হারানোর আশঙ্কায় রয়েছেন।
তারা বলেন, নিবন্ধন পরীক্ষা নিয়মিত না হওয়ায় শুধু চাকরিপ্রত্যাশীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও যোগ্য শিক্ষক নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এ অবস্থায় দ্রুত নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে নিবন্ধন কার্যক্রম এগিয়ে নেওয়া প্রয়োজন।
বক্তারা চলতি মাস অক্টোবরের মধ্যেই নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানান। তবে আগামী এক সপ্তাহের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশের জন্য এনটিআরসিএর প্রতি আহ্বান জানান তারা।
এ ছাড়া ভবিষ্যতে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষক নিবন্ধন পরীক্ষা পৃথকভাবে আয়োজনের দাবিও তুলে ধরেন নিবন্ধনপ্রত্যাশীরা।
মানববন্ধনে মতিউর রহমান, আল মামুন ও জোবায়ের আলম শেখসহ অন্য নিবন্ধনপ্রত্যাশীরা বক্তব্য দেন।
এমএইচ/এমআর




