মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে বিদায় সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশবিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।
এদিন সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন জুলাই শহীদ ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী শাকিল হোসেনের বাবা মো. বেলায়েত হোসেন।
স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ এইচ আবু সাঈদ।
বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুনর্মিলনী উপলক্ষে অনুষ্ঠানস্থল পরিণত হয় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এক প্রাণবন্ত মিলনমেলায়। এ সময় শিক্ষার্থীরা পারস্পরিক স্মৃতিচারণ, আনন্দ-উচ্ছ্বাস ও সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনার পাশাপাশি সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিকেলে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
এএইচ



