প্রাথমিক শিক্ষকদের বদলি ও সংযুক্তির আদেশের পর নতুন কর্মস্থলে যোগদান করা শিক্ষকদের তথ্য ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেমে (আইপিইএমআইএস) অনতিবিলম্বে হালনাগাদ করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফর।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি প্রাথমিক শিক্ষার সব আঞ্চলিক উপপরিচালক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গঠিত কমিটির মাধ্যমে বর্তমানে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষকদের বদলি ও পদায়ন কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন পর্যায় থেকে বেশ কিছু বদলি ও সংযুক্তির আদেশ জারি করা হয়েছে।
তবে এসব আদেশের পর নতুন কর্মস্থলে যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদ না করায় বিভিন্ন ধরনের প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছে। এ কারণে বদলি ও সংযুক্তির আদেশের প্রেক্ষিতে যোগদান করা শিক্ষকদের তথ্য দ্রুত সফটওয়্যারে হালনাগাদ করতে বলা হয়েছে।
চিঠিতে আরও জানানো হয়, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও বিভাগীয় উপপরিচালকরা নিজ নিজ আইডি ব্যবহার করে আইপিইএমআইএসে লগইন করে অধিক্ষেত্রের শিক্ষকদের বদলি ও সংযুক্তির তথ্য হালনাগাদ করতে পারবেন।
এ ছাড়া বদলি ও সংযুক্তির আদেশ সংক্রান্ত কোনো জটিলতা দেখা দিলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের পলিসি ও অপারেশন বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে।
বদলি ও সংযুক্তির আদেশের পর নতুন কর্মস্থলে যোগদান করা শিক্ষকদের তথ্য সংযুক্তিতে উল্লিখিত ধাপ অনুসরণ করে আইপিইএমআইএসে অনতিবিলম্বে হালনাগাদ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
এম/এএম




