প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ও এর আওতাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচিতে যৌন হয়রানি প্রতিরোধে অভিযোগ কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে কমিটির কার্যপরিধিও নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের জারি করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
অফিস আদেশে বলা হয়েছে, রিট পিটিশন নম্বর-৫৯১৬/২০০৮-এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের দেওয়া রায়ের নির্দেশনার (Directives in the form of Guidelines) আলোকে Sexual Abuse and Harassment of Women বিষয়ে অভিযোগ গ্রহণ, তদন্ত এবং প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার জন্য এ অভিযোগ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি করা হয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পরিচালক মিজ জেসমীন আক্তারকে। সদস্য হিসেবে রয়েছেন জাতীয় মহিলা সংস্থার একজন প্রতিনিধি, আইন ও সালিশ কেন্দ্রের (আসক) একজন প্রতিনিধি এবং প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির গবেষণা কর্মকর্তা মিজ জান্নাতুন নাহার। কমিটির সদস্য-সচিব করা হয়েছে ট্রাস্টের প্রশাসন শাখার সহকারী পরিচালক মিজ রেজওয়ানা আক্তার জাহানকে।
অফিস আদেশে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ও এর আওতাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচিতে যৌন হয়রানির কোনো অভিযোগ উঠলে হাইকোর্ট বিভাগের ২০০৯ সালের ১৪ মে ঘোষিত রায়ে দেওয়া ৯ ও ১০ নম্বর নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
অভিযোগ কমিটি অভিযোগ গ্রহণ ও তদন্ত করে গৃহীতব্য পদক্ষেপের বিষয়ে সুপারিশ করবে। এ ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট রায়ে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করে তদন্ত কার্যক্রম পরিচালনা করতে হবে।
এ ছাড়া অভিযোগকারী বা অভিযোগকারীদের পরিচয় গোপন রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। হাইকোর্ট প্রদত্ত নীতিমালার ১০ নম্বর ধারা অনুযায়ী কমিটিকে কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে।
অভিযোগ কমিটিকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের কাছে নিয়মিত, বিশেষ করে বাৎসরিক ভিত্তিতে তাদের কার্যক্রমের প্রতিবেদন দিতে হবে।
এম/এএম




