দুর্নীতির মাধ্যমে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা বন্ধ করেছিল ফ্যাসিবাদী সরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান তা পুনরায় চালু করেছেন বলে জানান তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত এক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, ফ্যাসিবাদী আমলে নিপীড়নের শিকার শিক্ষকদের মূল্যায়নের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, বিএনপি সরকার যতবারই ক্ষমতায় এসেছে, ততবারই শিক্ষা খাতের উন্নয়নে কাজ করেছে এবং শিক্ষকদের মূল্যায়ন করেছে। শিক্ষকদের সবচেয়ে বেশি জাতীয়করণও বিএনপি সরকারের আমলে হয়েছে বলে দাবি করেন তিনি।
প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষা ও শিক্ষকদের সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। শিক্ষকদের যেসব দাবি রয়েছে, সেগুলো বাস্তবায়নে প্রয়োজন অনুযায়ী গুরুত্ব দেওয়া হবে। প্রতিটি যৌক্তিক দাবি বাস্তবায়নে সরকার কাজ করবে।
সরকারের সক্ষমতা বিবেচনায় শিক্ষক-কর্মচারীদের যেকোনো ন্যায্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে মাহদী আমিন বলেন, শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো নিয়ে সরকার ইতিবাচকভাবে কাজ করবে।
অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অনুষ্ঠানে ছিলেন না।
সম্মেলনে সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব চৌধুরী মুগীস উদ্দিন মাহমুদ, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেনসহ শিক্ষক-কর্মচারী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এম/এসআই




